
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জামিনে মুক্তির পর তাকে ঘিরে ‘নতুন আওয়ামী লীগ’ গঠনের আলোচনা চলছে—এমন দাবি করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তবে এই উদ্যোগ শেষ পর্যন্ত সফল হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে রনি বলেন, শিরীন শারমিন চৌধুরীকে মুক্তির পর অনেকেই মন্তব্য করেছেন যে, সরকার দুর্বলতার পরিচয় দিয়েছে। তার ভাষায়, “শিরীন শারমিনকে দিয়ে একটি খারাপ খেলা খেলার চেষ্টা হচ্ছে।”
তিনি আরও দাবি করেন, একটি মহল তাদের পছন্দ অনুযায়ী নতুন একটি রাজনৈতিক দল—‘নতুন আওয়ামী লীগ’—গঠনের চেষ্টা করছে। তার মতে, “পুরোনো আওয়ামী লীগ কার্যত নিষ্ক্রিয় হয়ে গেছে, তাই নতুন কাঠামো তৈরির চেষ্টা চলছে।”
এ প্রসঙ্গে তিনি শেখ হাসিনার সময়ের উদাহরণ টেনে বলেন, যেমন তৃণমূল বিএনপি গঠনের চেষ্টা হয়েছিল, তেমনি এখন ‘তৃণমূল আওয়ামী লীগ’ বা নতুন আওয়ামী লীগ গঠনের প্রয়াস চলছে।
তবে এই উদ্যোগ নিয়ে সন্দিহান রনি। তিনি বলেন, “যাদের নিয়ে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ বা নতুন আওয়ামী লীগের কথা বলা হচ্ছে, তারা কেউই রাজনৈতিকভাবে মাঠে পরীক্ষিত নন। ফলে এই চেষ্টা ব্যর্থ হবে।”
রনির মতে, রাজনৈতিক দল গঠন ও টিকে থাকার জন্য মাঠপর্যায়ের গ্রহণযোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা এই উদ্যোগে অনুপস্থিত।

