আবারও আন্দোলনের প্রস্তুতি নেওয়ার হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম

আবারও আন্দোলনের প্রস্তুতি নেওয়ার হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম - the Bengali Times
নাহিদ ইসলাম

বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের স্বার্থে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, “এটি কোনো দলের বা জোটের বিষয় নয়; এটি বাংলাদেশকে রক্ষা করার বিষয়। জুলাই গণ-অভ্যুত্থানকে রক্ষা করার বিষয়।”

রোববার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-এর মুক্তিযোদ্ধা হলরুমে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা’-তে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান।

- Advertisement -

নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের সময় আন্দোলনকারীদের পাশে পুরোপুরি দাঁড়ানো সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল।

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার জুলাই যোদ্ধাদের পক্ষে কথা বললেও বাস্তবায়নে ঘাটতি রয়েছে। জুলাই অধিদপ্তর ও শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রমেও ধীরগতি দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বিচার বিভাগ ও পুলিশ সংস্কার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এসব ক্ষেত্রে টালবাহানা করা হচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, পুনরায় দলীয়করণের প্রবণতা দেখা দিতে পারে।

এ সময় ১৯৯০-পরবর্তী বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, তৎকালীন তিন দলের জোটের রূপরেখা উপেক্ষা করা হয়েছিল। বর্তমানেও জুলাই সনদকে দলীয় ইশতেহারে রূপ দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

সভায় ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা, জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য এবং আহত ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

- Advertisement -

Related Articles

Latest Articles