
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নারী সেজে আপত্তিকর কনটেন্ট প্রচারের অভিযোগে বহিষ্কৃত ছাত্রদল নেতা রেদোয়ান ইসলামকে থানায় তলব করা হয়েছে। পরে তিনি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না বলে মুচলেকা দিয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরেকসবা থানায় হাজির হয়ে রেদোয়ান ইসলাম অঙ্গীকার করেন, তিনি আর কখনো নারী সেজে অশ্লীল ও আপত্তিকর কার্যকলাপ করবেন না।
এর আগে ব্যাপক সমালোচনার মুখে তাকে কসবার ছাত্রদলের স্থানীয় একটি ইউনিট থেকে বহিষ্কার করা হয়। তিনি সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৫ এপ্রিল ‘তৌহিদী জনতা’ ব্যানারে রেদোয়ান ইসলাম ও রিংকু সরকার রবিনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগে বলা হয়, তারা দীর্ঘদিন ধরে একটি চক্র গড়ে তুলে নারী সেজে বিভিন্নভাবে অশালীন কনটেন্ট তৈরি ও প্রচার করে আসছিলেন, যা স্থানীয় সামাজিক পরিবেশ ও জনশৃঙ্খলার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তাদের থানায় ডাকা হয়। জিজ্ঞাসাবাদের সময় রেদোয়ান ইসলাম নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার প্রতিশ্রুতি দেন এবং মুচলেকা দেন।
উল্লেখ্য, কসবা উপজেলার ওই শিক্ষাপ্রতিষ্ঠানে সম্প্রতি নতুন কমিটি গঠন করা হলে রেদোয়ান ইসলামকে সাংস্কৃতিক সম্পাদক করা হয়েছিল। তবে ঘটনার পর সমালোচনার মুখে তাকে বহিষ্কার করা হয়।

