অবশেষে অনশনরত স্বামীর হাত ধরে ঘরে ফিরলেন সেই স্ত্রী

অবশেষে অনশনরত স্বামীর হাত ধরে ঘরে ফিরলেন সেই স্ত্রী - the Bengali Times
বিশ্বজিৎ পাত্র এবং তাঁর স্ত্রী অনুশীলা বাড়ৈ

মাদারীপুরের ডাসার উপজেলায় সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অনশনরত স্বামী বিশ্বজিৎ পাত্র-এর ঘরে ফিরেছেন স্ত্রী অনুশীলা বাড়ৈ। শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নবগ্রাম ইউনিয়নের আলিসাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ ১০ বছরের প্রেমের সম্পর্কের পর প্রায় ৪ বছর আগে বিয়ে করেন বিশ্বজিৎ পাত্র ও অনুশীলা বাড়ৈ। ভালোবাসার টানে নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে স্ত্রীর পড়াশোনা ও ক্যারিয়ারের পেছনে সহায়তা করেন বিশ্বজিৎ। এমনকি লাখ লাখ টাকা খরচ করে অনুশীলাকে নার্সিংয়ে পড়ান তিনি।

- Advertisement -

তবে চাকরি পাওয়ার পর স্বামীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেন অনুশীলা। পরে বিশ্বজিৎ জানতে পারেন, তাকে না জানিয়েই ডিভোর্স দিয়েছেন তার স্ত্রী। প্রিয় মানুষটিকে ফিরে পেতে এরপর স্ত্রীর বাড়িতে গিয়ে অনশনে বসেন তিনি। টানা চার দিন সেখানে অবস্থান করেন বিশ্বজিৎ, যা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং বিভিন্ন গণমাধ্যমে আলোচিত হয়।

পরবর্তীতে দুই পরিবারের উদ্যোগে বসে পারিবারিক বৈঠক। আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝির অবসান ঘটে। নিজের ভুল বুঝতে পেরে আবার স্বামীর কাছে ফিরে আসেন অনুশীলা।

অনশনের পর স্ত্রীকে ফিরে পেয়ে আবেগাপ্লুত বিশ্বজিৎ পাত্র বলেন, “আমার স্ত্রীকে নিয়ে ঘরে ফিরতে পেরেছি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আমি তাকে অনেক ভালোবাসি। আমাদের এই সম্পর্ক যেন অটুট থাকে—সবার কাছে সেই দোয়া চাই।”

অন্যদিকে অনুশীলা বাড়ৈ বলেন, “আমি আমার ভুল বুঝতে পেরেছি। পরিবারের সবাই মিলে সুন্দরভাবে বিষয়টি সমাধান করে দিয়েছেন।”

স্থানীয়দের মতে, ভালোবাসা, ত্যাগ এবং পারিবারিক সমঝোতার এই ঘটনা এলাকায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles