
প্রতিশোধের রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা। সোমবার (২৩ মার্চ) বিজয়নগর উপজেলার ইসলামপুরে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি স্পষ্টভাবে বলেন, দেশে দীর্ঘদিন ধরে প্রতিশোধমূলক রাজনীতি চলেছে, তবে এখন আর এর প্রয়োজন নেই। তার মতে, এ ধরনের চক্র থেকে বের না হলে রাষ্ট্র ও সমাজের ক্ষতি অব্যাহত থাকবে।
রুমিন ফারহানা তার বক্তব্যে “মামলা বাণিজ্য” নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, একটি মামলায় অযথা শত শত মানুষকে আসামি করা হচ্ছে, আবার টাকা নিয়ে নাম অন্তর্ভুক্ত বা বাদ দেওয়ার মতো অনৈতিক কর্মকাণ্ড চলছে। তার ভাষায়, “এই মামলা বাণিজ্য শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনবে।”
তিনি আরও বলেন, অপরাধীদের অবশ্যই আইনের আওতায় আনা উচিত, তবে নিরপরাধ মানুষ যেন ব্যক্তিগত বিরোধ বা আর্থিক দ্বন্দ্বের কারণে মিথ্যা মামলার শিকার না হন। থানার পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি অনুরোধ জানান, অভিযোগ এলে তা যাচাই-বাছাই করে গ্রহণ করতে।
এছাড়া “শোন অ্যারেস্ট” বা জামিন পাওয়ার পর জেলগেট থেকে আবার নতুন মামলায় গ্রেপ্তারের বিষয়টিও তিনি সমালোচনা করেন। তার মতে, এ ধরনের কর্মকাণ্ড আইনের অপব্যবহার এবং এর পরিণতি ভালো হবে না।
সবশেষে তিনি বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে সবাই মিলে এগিয়ে যাবো।” প্রতিশোধের চক্র থেকে বের হয়ে ন্যায়বিচার ও সহনশীলতার ভিত্তিতে নতুন করে ভাবার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সচিব মো. মোশারফ হোসেন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. এমরান জাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

