অন্টারিওর স্কুলগুলোতে পেপার রিপোর্ট কার্ড ফিরছে

অন্টারিওর স্কুলগুলোতে পেপার রিপোর্ট কার্ড ফিরছে - the Bengali Times
কানাডার অন্টারিও প্রদেশের পাবলিক স্কুলগুলোতে আবারও কাগজের রিপোর্ট কার্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে

কানাডার অন্টারিও প্রদেশের পাবলিক স্কুলগুলোতে আবারও কাগজের রিপোর্ট কার্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় বর্তমানে এমন একটি ব্যবস্থার ওপর কাজ করছে, যাতে ডিজিটাল পদ্ধতির পাশাপাশি শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড কাগজের ফরম্যাটেও পরিবারগুলোর হাতে পৌঁছে দেওয়া যায়। এর উদ্দেশ্য হলো অভিভাবকদের জন্য শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি সম্পর্কে জানা আরও সহজ ও সরল করা।

বর্তমানে গ্রেটার টরন্টো এরিয়ার (জিটিএ) বেশিরভাগ স্কুলে শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড অনলাইনের মাধ্যমে দেওয়া হয়। সাধারণত একটি নির্দিষ্ট পোর্টাল বা পাসওয়ার্ড-সুরক্ষিত সিস্টেমের মাধ্যমে অভিভাবকরা রিপোর্ট কার্ড ডাউনলোড করতে পারেন। কিন্তু অনেক অভিভাবকের জন্য এই পদ্ধতি জটিল হয়ে উঠছে বলে অভিযোগ উঠেছে।

- Advertisement -

শিক্ষামন্ত্রীর প্রেস সচিব এমা টেস্টানি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিভাবকদের তাদের সন্তানের শিক্ষা সংক্রান্ত তথ্য সহজ ও পরিষ্কারভাবে জানার অধিকার রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া এবং অন্টারিওর পরিবারগুলোর জন্য শিক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করে তোলা। তবে এই নতুন উদ্যোগ কার্যকর করতে স্কুলগুলো ঠিক কবে থেকে কাগজের রিপোর্ট কার্ড দেওয়া শুরু করবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা ঘোষণা করা হয়নি।

গত সপ্তাহে ম্যাকডোনাল্ড কাটিংয়েল ক্লাবে এক অনুষ্ঠানে এ বিষয়ে বক্তব্য দেন ক্যালান্দ্রা। সেখানে তিনি বলেন, অনেক অভিভাবকই জানেন না কীভাবে অনলাইনে রিপোর্ট কার্ড ডাউনলোড করতে হয়। ফলে তাদের জন্য সন্তানের শিক্ষাগত তথ্য পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। তিনি আরও জানান, অনেক ক্ষেত্রে একটি রিপোর্ট কার্ড দেখতে গেলে অভিভাবকদের তিনটি ভিন্ন সিস্টেমে লগইন করতে হয় এবং মোট পাঁচটি আলাদা পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। এতে করে পুরো প্রক্রিয়াটি অপ্রয়োজনীয়ভাবে জটিল হয়ে যায় এবং অনেক পরিবার এই সুবিধা ব্যবহার করতে পারেন না। তাই কাগজের রিপোর্ট কার্ড চালু করলে বিষয়টি অনেক সহজ হবে বলে মনে করা হচ্ছে।

এদিকে অন্টারিও সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও মূল্যায়নের অংশ হিসেবে একটি নতুন অ্যাডভাইজরি বডিও গঠন করেছে। বুধবার এই অ্যাডভাইজরি বডির সদস্য হিসেবে সি.ডি. হাউ ইনস্টিটিউটের উইলিয়াম রবসন এবং উইলফ্রিড লরিয়ের ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ডেভিড আর. জনসনের নাম ঘোষণা করা হয়েছে। এই অ্যাডভাইজরি বডি মূলত ইকিউএও পরীক্ষার ফলাফল ও কাঠামো পর্যালোচনা করবে। পাশাপাশি গণিত, পঠন ও লিখন এই তিনটি মৌলিক বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে অন্টারিওর শিক্ষার্থীদের শেখার মান কীভাবে উন্নত করা যায়, সে বিষয়ে সুপারিশ দেবে।

সাম্প্রতিক ইকিউএও পরীক্ষার ফলাফল উদ্বেগজনক একটি চিত্র তুলে ধরেছে। সর্বশেষ ফলাফলে দেখা গেছে, গ্রেড-৬ এর প্রায় অর্ধেক শিক্ষার্থী এবং গ্রেড-৯ এর প্রায় ৪২ শতাংশ শিক্ষার্থী গণিতে প্রদেশ নির্ধারিত মানদণ্ডে পৌঁছাতে পারেনি। যদিও পঠন ও লিখনে কিছুটা উন্নতি লক্ষ্য করা গেছে, তবে বিশেষজ্ঞদের মতে সেটি এখনো প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি।

বিশেষজ্ঞরা মনে করছেন, শিক্ষার্থীদের শেখার মান উন্নত করতে হলে শিক্ষা ব্যবস্থায় আরও কার্যকর নজরদারি এবং অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। সেই দৃষ্টিকোণ থেকে কাগজের রিপোর্ট কার্ড পুনরায় চালুর উদ্যোগকে অনেকেই ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

শিক্ষা বিশ্লেষকদের মতে, প্রযুক্তিনির্ভর ব্যবস্থার পাশাপাশি সহজ ও সরাসরি যোগাযোগের মাধ্যম বজায় রাখা হলে অভিভাবক ও স্কুলের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী হবে, যা শেষ পর্যন্ত শিক্ষার্থীদের সামগ্রিক শিক্ষাগত উন্নয়নে সহায়ক ভূমিকা রাখতে পারে।

Sohely Ahmed Sweety : Local Journalism Initiative Reporter

- Advertisement -

Related Articles

Latest Articles