
শহীদ শরিফ ওসমান বিন হাদির সংগঠন ইনকিলাব মঞ্চের অন্যতম সংগঠক ফাতিমা তাসনিম জুমাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবিতে হাদি হত্যার মামলার মূল আসামি শুটার ফয়সাল করিম মাসুদের সঙ্গে তাকে সেলফি তুলতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে।
রোববার ভারতের পশ্চিমবঙ্গে ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর গ্রেফতার হওয়ার পর থেকেই ছবিটি নতুন করে আলোচনায় আসে।
এ বিষয়ে একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে কথা বলেছেন ডাকসু নেত্রী জুমা। তিনি বলেন, “আমার যদি কোনো দোষ থাকে, তাহলে প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে আমাকে গ্রেফতার করা হোক। গ্রেফতারের পর যথাযথভাবে তদন্ত করা হোক। তদন্তে যদি কোনো কিছু পাওয়া যায়, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।”
তিনি আরও বলেন, কেউ যদি তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দোষী বানাতে বা ফাঁসাতে চায়, তবুও সত্য একসময় প্রকাশ পাবে। তার দাবি, হাদি হত্যার ঘটনার পর থেকেই তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে।
হাদি হত্যার বিচার দাবি করে জুমা বলেন, “যদি শহীদ ওসমান হাদি হত্যার বিচার হয়, তাহলে অনেকেই জড়িয়ে পড়তে পারেন—এই ভয় থেকেই কেউ কেউ ইনকিলাব মঞ্চকে চুপ করাতে চাইছে। কিন্তু জুমা বা জাবেরকে দমিয়ে এই হত্যার বিচার বন্ধ করা যাবে না।”
এদিকে আলোচিত ছবিটি নিয়ে অনুসন্ধানী সংস্থা Rumor Scanner একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের অনুসন্ধানে দাবি করা হয়েছে, ফয়সাল করিম মাসুদের সঙ্গে জুমার যে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে তা আসল নয়।
সংস্থাটি জানিয়েছে, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে তাদের অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে প্রচারিত দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্যসূত্রও পাওয়া যায়নি বলে জানিয়েছে তারা।

