১২২ মিলিয়ন ডলার মূল্যের ক্যানাবিস জব্দ

১২২ মিলিয়ন ডলার মূল্যের ক্যানাবিস জব্দ - the Bengali Times
পূর্ব অন্টারিওর একটি ফার্স্ট নেশন রিজার্ভে দীর্ঘ ছয় মাসের তদন্তে অবৈধভাবে চাষ করা বিপুল পরিমাণ মারিজুয়ানা জব্দ করেছে অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশ ওপিপি

পূর্ব অন্টারিওর একটি ফার্স্ট নেশন রিজার্ভে দীর্ঘ ছয় মাসের তদন্তে অবৈধভাবে চাষ করা বিপুল পরিমাণ মারিজুয়ানা জব্দ করেছে অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশ (ওপিপি)। জব্দকৃত ক্যানাবিসের বাজারমূল্য ১২ কোটি ২০ লাখ ডলারেরও বেশি। তদন্তকারীরা জানিয়েছেন, এই চাষাবাদ পরিচালনা করছিল একটি অ-আদিবাসী সংঘবদ্ধ অপরাধ চক্র, যা ফার্স্ট নেশন কমিউনিটিকে আড়াল হিসেবে ব্যবহার করছিল।

ওপিপির অর্গানাইজড ক্রাইম এনফোর্সমেন্ট ব্যুরো (ওসিইইবি) ও তিয়েনদিনাগা পুলিশ সার্ভিস যৌথভাবে তদন্ত শুরু করে ২০২৫ সালের এপ্রিলে। সীমিত সংখ্যক কমিউনিটি সদস্যও পুলিশের সঙ্গে সহযোগিতা করেন। তদন্তে উঠে আসে তিয়েনদিনাঙ্গা মোহাউক টেরিটোরির ভিতরে থাকা একটি ক্যানাবিস উৎপাদন ক্ষেত্র নিয়ন্ত্রণ করছিল একটি শক্তিশালী অপরাধ নেটওয়ার্ক, যেটি কমিউনিটির স্বার্থের জন্য নয়, বরং নিজেদের আর্থিক লাভের জন্য এসব কার্যক্রম চালাচ্ছিল।

- Advertisement -

ওপিপি, তিয়েনদিনাঙ্গা পুলিশ সার্ভিস এবং কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি দুই দিনে বেশ কয়েকটি তল্লাশি পরোয়ানা বাস্তবায়ন করে। সংশ্লিষ্ট ক্যানাবিস ক্ষেত্রটি বেলভিলের পূর্বে অবস্থিত তিয়েনদিনাঙ্গা মোহাউক টেরিটরির মধ্যে পড়ে।

অভিযানে কর্মকর্তারা ৭২ হাজার অবৈধ ক্যানাবিস গাছ জব্দ করেন। পাশাপাশি বে অব কুইন্ট থেকে অবৈধভাবে পানি উত্তোলনের একটি বড় উৎস বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া জব্দ করা হয় ৩টি আগ্নেয়াস্ত্র, বহু রাউন্ড গুলি এবং ক্যানাবিস চাষ ও অপরাধমূলক কার্যক্রমে ব্যবহারের জন্য প্রয়োজনীয় নানা সরঞ্জাম, যার মূল্য আনুমানিক ৫ লাখ ৩০ হাজার ডলার।

পুলিশ বলছে, এই ধরনের বৃহৎ আকারের অবৈধ ক্যানাবিস চাষ শুধু অর্থনৈতিক অপরাধই নয়; এটি পানি সম্পদ হুমকির মুখে ফেলা সহ পরিবেশগত ক্ষতিও ঘটাচ্ছিল।

অভিযানের পর মোট ১০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তাদের মধ্যে ছয়জন তিয়েনদিনাঙ্গা কমিউনিটির সদস্য নন। অভিযুক্তরা হলেন – ইউজিন আগিমাঙ্গ (৪১), নিউমার্কেট, লাপ-থি লি (৪০), ব্রিটিশ কলাম্বিয়া, ডুয়োঙ্গ লি (৫৮), ব্রিটিশ কলাম্বিয়া, হু ফ্লোক নিগুয়েন (৬০), ব্রিটিশ কলাম্বিয়া, জেসি হিল করবি (৪৬), বেলভিল, পল ব্র্যান্ট (৫৬), ওশাওয়া, ইয়ান উইড (৪৩), তিয়েনদিনাঙ্গা মোহাউক টেরিটরি, তারা উইড (৪৩), তিয়েনদিনাঙ্গা মোহাউক টেরিটরি।

ওপিপি জানিয়েছে, এই অপরাধ নেটওয়ার্ক ক্যানাবিস উৎপাদন থেকে অর্জিত লাভ কমিউনিটির উন্নয়নে ব্যবহার করার পরিবর্তে ব্যক্তিগত বা অপরাধমূলক বিনিয়োগে ব্যয় করছিল।

অবৈধ ক্যানাবিস উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিষয়ে কারো কাছে তথ্য থাকলে ওপিপির সাথে ১-৮৮৮-৩১০-১১২২ নম্বরে বা ক্রাইম স্টপারদের সাথে ১-৮০০-২২২-৮৪৭৭ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে পুলিশ।

এই অভিযান অন্টারিওতে চলমান সংঘবদ্ধ অপরাধ দমনের বড় অপারেশনগুলোর অন্যতম, যা আবারও তুলে ধরেছে ফার্স্ট নেশন রিজার্ভগুলোর ভেতরে অবৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড কতটা জটিল ও গভীরভাবে প্রোথিত হয়ে রয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles