
অন্টারিওর প্রাদেশিক আইনসভায় নির্বাচিত এক সদস্যের বিরুদ্ধে গুরুতর গৃহ নির্যাতনের অভিযোগ ওঠায় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। সল্ট সেন্ট মেরির প্রতিনিধি ক্রিস স্কট অভিযোগের পরিপ্রেক্ষিতে আপাতত সংক্ষিপ্ত ছুটি নেওয়ার ঘোষণা দিয়েছেন, যদিও তিনি বলেছেন যে তার নির্বাচনী এলাকার নাগরিকদের সেবা তিনি অব্যাহত রাখবেন।
গত ফেব্রুয়ারিতে প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ (পিসি) পার্টির টিকিটে নির্বাচিত হওয়া ক্রিস স্কট গত মাসে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে আনা হয় – শারীরিক নির্যাতনের অভিযোগ এবং সশস্ত্র নির্যাতনের অভিযোগ। এই অভিযোগ ওঠার পরই তাকে পিসি ককাস থেকে বহিষ্কার করা হয়। ফলে তিনি বর্তমানে একজন স্বতন্ত্র সদস্য হিসেবে বিবেচিত। তার মামলার শুনানি ২২ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা এখন রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
স্কট এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি আপাতত “অজরুরি জনসম্মুখ উপস্থিতি” থেকে বিরতি নিচ্ছেন। তবে তার দাবি – “আমি সল্ট সেন্ট মেরির মানুষের সেবা দিতে পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও জানান – তার পাশে একজন আইনজীবী আছে, তিনি কানাডার ফৌজদারি বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা রাখেন, অভিযোগের বিষয়ে তিনি বর্তমানে বেশি মন্তব্য করতে চান না, কারণ মামলা আদালতে বিচারাধীন।
ফেব্রুয়ারির নির্বাচনে তার খুব কাছাকাছি ভোট পাওয়া এনডিপি প্রার্থী স্কটের তাৎক্ষণিক পদত্যাগের দাবি তুলেছেন। তাদের অভিযোগ এমন গুরুতর অভিযোগের মুখোমুখি থাকা একজন সদস্যের পক্ষে জনগণের প্রতিনিধিত্ব করা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়।
এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি পিসি পার্টির জন্যও একটি সংকটময় পরিস্থিতি, কারণ দলটি সম্প্রতি নৈতিকতা ও স্বচ্ছতা নিয়ে বিরোধীদের কঠোর সমালোচনার মুখে রয়েছে।
ক্রিস স্কটের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তা শুধু তার রাজনৈতিক ক্যারিয়ার নয়, তার দলের ভাবমূর্তিতেও বড় ধরনের ধাক্কা দিতে পারে। অন্যদিকে, অভিযোগ আদালতে প্রমাণ না হওয়া পর্যন্ত তিনি আইনত নির্দোষ এমন যুক্তির ভিত্তিতে অনেকে তাকে সময় দেওয়ার পক্ষেও কথা বলছেন।
আইনসভায় তার অনুপস্থিতি সল্ট সেন্ট মেরির স্থানীয় রাজনৈতিক কার্যক্রমে কিছুটা প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে, যদিও স্কট ঘোষণা দিয়েছেন যে তিনি দূর থেকেই দায়িত্বে সক্রিয় থাকবেন।

