
প্রায় এক বছর ধরে অন্টারিওজুড়ে চলা হামের (Measles) সংক্রমণের অবসান ঘটেছে এমন ঘোষণা দিয়েছে প্রদেশের জনস্বাস্থ্য বিভাগ। দীর্ঘ ৪৬ দিন ধরে নতুন কোনো রোগী শনাক্ত না হওয়ায় আনুষ্ঠানিকভাবে সংক্রমণ সমাপ্ত ঘোষণা করা হয়। তবে এই সংক্রমণ একদিকে যেমন জনস্বাস্থ্যের বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছিল, তেমনি ভ্যাকসিন গ্রহণে অবহেলার পরিণতি সম্পর্কেও তীব্র সতর্কতা দিয়েছে।
২০২৪ সালের ১৮ অক্টোবর অন্টারিওতে প্রথম হামের সংক্রমণ শনাক্ত হয়। তদন্তে জানা যায়, নিউ ব্রান্সউইক প্রদেশে আক্রান্ত এক ব্যক্তির মাধ্যমে ভাইরাসটি অন্টারিওতে ছড়িয়ে পড়ে। এরপর দ্রুতই প্রদেশটির বিভিন্ন এলাকায় সংক্রমণ বিস্তার লাভ করে। এক বছরের ব্যবধানে অন্টারিওর ২৬টি স্থানীয় পাবলিক হেলথ ইউনিটে মোট ২,৩৭৫ জন হামে আক্রান্ত হন।
প্রদেশের চিফ মেডিকেল অফিসার ডা. কিয়েরান মুর বৃহস্পতিবার এক ইমেইল বিবৃতিতে জানান, অন্টারিওতে সর্বশেষ রোগীর শরীরে র্যাশ দেখা যায় ২০২৫ সালের ২১ আগস্ট। এরপর থেকে টানা ৪৬ দিন যা ভাইরাসটির সর্বাধিক সুপ্ত থাকার সময়ের দ্বিগুণ কোনো নতুন সংক্রমণ শনাক্ত হয়নি। তিনি বলেন, “সংক্রমণ সমাপ্ত ঘোষণা করার জন্য আমাদের যে মানদণ্ড রয়েছে, আমরা তা অতিক্রম করেছি। সংক্রমণ কমে আসতে শুরু করেছিল কয়েক মাস আগেই, এখন সেটি পুরোপুরি শেষ হয়েছে।”
এই সংক্রমণে আক্রান্তদের প্রায় তিন-চতুর্থাংশই শিশু ও কিশোর। আশ্চর্যের বিষয়, তাদের ৯০ শতাংশেরও বেশি টিকা না নেওয়া। বিশেষজ্ঞদের মতে, টিকা গ্রহণে অনীহা এবং ভুল ধারণাই এই ব্যাপক সংক্রমণের মূল কারণ। অন্টারিওর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সবচেয়ে করুণ ঘটনা ঘটে যেখানে মাতৃগর্ভে থাকা অবস্থায় এক নবজাতক হাম ভাইরাসে আক্রান্ত হয় এবং জন্মের পরপরই মারা যায়। পরে জানা যায়, ওই শিশুর মা টিকা গ্রহণ করেননি।
পাবলিক হেলথ অন্টারিও জানিয়েছে, গত কয়েক বছরে প্রদেশে হামের টিকা (MMR Vaccine) গ্রহণের হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। কোভিড-১৯ মহামারির সময় অনেকেই নিয়মিত টিকা গ্রহণ থেকে বিরত থাকেন, যার ফলে প্রতিরোধক্ষমতা হ্রাস পায়। বিশেষজ্ঞরা বলছেন, টিকার হার যখন ৯৫ শতাংশের নিচে নামে, তখনই হাম দ্রুত ছড়ানোর ঝুঁকি তৈরি করে। অন্টারিওর সাম্প্রতিক অভিজ্ঞতা তার বাস্তব উদাহরণ।
যেখান থেকে সংক্রমণটির সূত্রপাত সেই নিউ ব্রান্সউইক প্রদেশ জানুয়ারিতেই সংক্রমণ নিয়ন্ত্রণে আনে এবং সমাপ্তি ঘোষণা করে। সেখানে ব্যাপক ভ্যাকসিন ক্যাম্পেইন ও দ্রুত শনাক্তকরণ উদ্যোগ সংক্রমণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অন্টারিওর অভিজ্ঞতা গোটা কানাডার জন্য এক বড় শিক্ষা। ডা. মুর বলেন, “হাম এমন একটি রোগ, যা সম্পূর্ণ প্রতিরোধযোগ্য। তবুও শুধুমাত্র টিকা না নেওয়ার কারণে শত শত শিশু ও পরিবারকে ভয়াবহ কষ্ট পোহাতে হয়েছে। এটি আমাদের জন্য একটি জাগরণ বার্তা।”
অন্টারিওতে হামের সংক্রমণ আপাতত নিয়ন্ত্রণে এলেও, বিশেষজ্ঞরা সতর্ক করেছেন ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে টিকা গ্রহণ বাধ্যতামূলকভাবে জোরদার করা জরুরি। জনস্বাস্থ্য কর্মকর্তারা এখন ভ্যাকসিন সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্কুল পর্যায়ে টিকা যাচাই কার্যক্রম আরও কঠোর করার পরিকল্পনা নিয়েছেন।
অন্টারিওর এই অভিজ্ঞতা যেন শুধুমাত্র এক বছরের মহামারির ইতিহাস হয়ে না থাকে বরং এটি যেন মনে করিয়ে দেয়, টিকার অবহেলা কখনোই নিরাপদ নয়।

