
স্পেনের মাদ্রিদে এক অভিনব ঘটনার সাক্ষী হলো একটি বিয়ের আয়োজন। বিয়ের ঠিক পাঁচ ঘণ্টা আগে হবু বর–কনে হঠাৎ উধাও হয়ে গিয়ে চমকে দেন পরিবার–আত্মীয়স্বজনদের।
পরে জানা যায়, ফেলিসিয়া এবং হ্যারল্ড নামের এ যুগল নিজেদের ‘রিচার্জ’ করতে বিশেষ এক পরিকল্পনা করেছিলেন। নির্ধারিত সময়ে তারা আবার বিয়ের অনুষ্ঠানে হাজির হন।
কী ঘটেছিল?
বিয়ের দিন সকালে সবকিছু প্রস্তুত ছিল। পোশাক গুছানো, অনুষ্ঠানগৃহ সাজানো, অতিথিরা অপেক্ষায় কিন্তু হঠাৎ দেখা গেল, হবু বর হ্যারল্ড এবং কনে ফেলিসিয়া নেই। শুরু হয় পরিবারের উদ্বেগ। দু’পক্ষের আত্মীয়স্বজন ভেবেছিলেন কোনো বিপত্তি ঘটেছে। কিন্তু কিছু সময় পরেই জানা যায়, দু’জনেই ইচ্ছে করে বাইরে গিয়েছেন।
যুগলের পরিকল্পনা
২৭ বছর বয়সি ফেলিসিয়া ও তার থেকে এক বছরের বড় হ্যারল্ড দীর্ঘদিনের সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত নেন। তবে তারা মনে করেছিলেন, বিয়ের দিন নানা আনুষ্ঠানিকতা, আত্মীয়স্বজনের চাপ এবং ব্যস্ততায় মানসিক চাপ বেড়ে যাবে। তাই অনুষ্ঠান শুরুর আগে নিজেদের কিছুটা সময় দিতে চেয়েছিলেন তারা।
দু’জন মিলে ঢিলেঢালা পোশাক পরে একটি হোটেলে যান এবং পাঁচ ঘণ্টার জন্য একটি কক্ষ বুক করেন। সেখানে নানা রকম খাবার অর্ডার দেন, একসঙ্গে বসে টিভি দেখেন, গল্প করেন এবং মন ভালো রাখার চেষ্টা করেন।
কেন এই ‘বিরতি’?
ফেলিসিয়া ও হ্যারল্ড জানান, তারা দু’জনেই খেতে ভালোবাসেন এবং একসঙ্গে গল্প করতে করতে খাওয়াদাওয়া করলে সবচেয়ে বেশি আনন্দ পান। বিয়ের দিনে মানসিক ক্লান্তি এড়াতে এবং অনুষ্ঠান উপভোগ করার মতো ফুরফুরে মেজাজে থাকতে এই বিরতি নিয়েছিলেন তারা। নিজেদের ভাষায়, এটি ছিল তাদের ‘রিচার্জ টাইম’।
শেষ পর্যন্ত সুখের সমাপ্তি
নির্ধারিত সময়ে ফেলিসিয়া এবং হ্যারল্ড অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। সবার কৌতূহল ও উদ্বেগ দূর হয়। তাদের এই ভিন্নধর্মী ‘বিয়ের আগের পরিকল্পনা’ এখন আলোচনায়, যা অনেকের কাছেই বিয়ের দিনে মানসিক চাপমুক্ত থাকার এক অভিনব উদাহরণ হয়ে উঠেছে।

