
সড়ক দূর্ঘটনায় ছ’বছর ধরে শয্যাশায়ী স্বামী। স্ত্রী যত্ন নিয়েছিলেন ‘শিশু সন্তানের মতো’ করে। তবে সুস্থ হয়ে উঠে সেই স্ত্রীকেই ছেড়ে দিলেন যুবক। বিবাহবিচ্ছেদের এক সপ্তাহের মধ্যে আবার বিয়েও করেন। ঘটনাটি সমাজমাধ্যমে ভাইরাল হতেই ওই যুবকের নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা।
সংবাদমাধ্যম প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে বিয়ে হয়েছিল সায়াজওয়ানি নামে তরুণীর। বিয়ের পর কর্মসূত্রে মাঝেমধ্যেই আলাদা থাকতে হত তাঁদের। এক সন্তানও হয়। কিন্তু বিয়ের দু’বছরের মাথায় গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ওই তরুণীর স্বামী। এর পর টানা ছ’বছর স্বামীর সেবাযত্ন করেন স্ত্রী। ‘সন্তানের মতো’ স্বামীর দেখভাল করতেন তিনি। স্বামীকে খাওয়ানো, স্নান করানো থেকে ডায়পার বদলানো- সবই নিজের হাতে। কিন্তু সুস্থ হয়ে ওঠার পরেই ‘রং’ বদলান স্বামী। ২০২৪ সালের ৬ অক্টোবর ওই তরুণীর থেকে বিচ্ছেদ নেন তিনি। সেই বিচ্ছেদের এক সপ্তাহ পরে নতুন এক জনকে বিয়েও করেন।
সম্প্রতি সেই বিষয়টি সমাজমাধ্যমে জানিয়েছেন প্রাক্তন স্ত্রী। স্বামীর দ্বিতীয় বিয়ের ছবি পোস্ট করে তাঁকে শুভকামনা জানান তিনি। পোস্টে লিখেছেন, ‘আমার ‘স্বামী’কে অভিনন্দন। আশা করি তুমি যাকে বেছে নিয়েছ তার সঙ্গে তুমি সুখে আছ। আশা করি সে-ও আমার মতোই তোমার যত্ন নেবে। আমার কাজ শেষ হয়েছে।’
পোস্টটি ভাইরাল হতেই সমাজমাধ্যমে হইচই পড়ে। স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন স্বামী। তাঁকে বেঈমান তকমা দেন অনেকে। এক নেটিজেন লেখেন, ‘মানুষ এত অকৃতজ্ঞ কী করে হতে পারে! নতুন স্ত্রীকেও অন্য কারও জন্য ঠিক ছেড়ে দেবে।’ অন্য এক জন আবার লিখেছেন, ‘আমি চাই যে প্রাক্তন স্ত্রীর জীবনে ভাল কাউকে খুঁজে পান আর তিনি যেন তাঁর আগের স্বামীর মতো বিষাক্ত না হন।’ বিষয়টি নিয়ে বিতর্ক মাথাাচাড়া দিতেই সেই পোস্ট সরিয়ে দেন স্ত্রী। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে মালেয়শিয়ায়।

