
প্রেমের সম্পর্কে অন্তঃসত্ত্বা হওয়ার খবর পরিবারকে জানিয়েছিলেন ১৯ বছর বয়সী হেলিয়া ফাত্তাহি। কিন্তু মেয়ের সেই খবর মেনে নিতে পারেননি বাবা-মা। অভিযোগ, ক্ষোভ থেকে প্রথমে তাঁকে জোর করে খিঁচুনির ওষুধ খাওয়ানো হয়। এরপর মারধর করে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর সানানদাজে ঘটে যাওয়া এ ঘটনায় নিহত তরুণীর বাবা ও মাকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।
ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, হেলিয়া দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এক তরুণের সঙ্গে সম্পর্কের জেরে তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন—এ কথা পরিবারকে জানানোর পরই তাঁর বাবা-মা ক্ষুব্ধ হয়ে ওঠেন।
অভিযোগ অনুযায়ী, তাঁরা হেলিয়াকে জোর করে প্রায় ৩০টি খিঁচুনির ওষুধ খাওয়ান। এতেও তাঁর মৃত্যু না হওয়ায় বেধড়ক মারধরের পর বালিশ দিয়ে মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করা হয়।
এ ঘটনায় মেয়েকে হত্যার অভিযোগে বাবা ভোরিয়া ফাত্তাহি ও মা লেইলা ভেইসকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে তাঁরা দুজনই হত্যার কথা স্বীকার করেছেন।
মানবাধিকার সংস্থা হেঙ্গাওর তথ্য অনুযায়ী, গত ২১ নভেম্বর বাবা-মা প্রথমে আদালতে গিয়ে মেয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেখান থেকে বাড়িতে ফিরে তাঁরা হেলিয়াকে জোর করে ওষুধ খাওয়ান। পরে তাঁকে হত্যা করা হয়।
হেঙ্গাও ও আরেক মানবাধিকার সংস্থা হানা ঘটনাটিকে তথাকথিত ‘সম্মান রক্ষার’ নামে হত্যা হিসেবে বর্ণনা করেছে।
হেঙ্গাও এক বিবৃতিতে বলেছে, পারিবারিক সহিংসতা থেকে নারী ও শিশুদের সুরক্ষায় কার্যকর আইন প্রণয়নে ইরানের ব্যর্থতা, আইনের ফাঁকফোকর এবং এ ধরনের হত্যাকাণ্ডে নমনীয় শাস্তির ব্যবস্থা নারীদের সহিংসতার ঝুঁকিতে ফেলছে। পাশাপাশি অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতিকেও শক্তিশালী করছে বলে মন্তব্য করেছে সংস্থাটি।
এক সপ্তাহে তিন তরুণী নিহত
হেলিয়া হত্যার ঘটনা সামনে আসার পর ইরানে নারীদের ওপর সহিংসতার বিষয়টি আবারও আলোচনায় এসেছে। এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে দেশটিতে তিন তরুণী হত্যার শিকার হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত ১৮ নভেম্বর গিলান প্রদেশে নিজের জন্মদিনের অনুষ্ঠানে গুলিতে নিহত হন ২৩ বছর বয়সী সাদাফ হাঘবিন। বিয়েতে রাজি না হওয়ায় তাঁর সাবেক প্রেমিক তাঁকে গুলি করে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে।
এর আগে কেরমানশাহ প্রদেশে একটি ভবনের পঞ্চম তলা থেকে পড়ে মারা যান ১৬ বছর বয়সী স্কুলছাত্রী সোগান্দ সায়াদি। দেশটির শিক্ষক ইউনিয়নগুলোর একটি জাতীয় নেটওয়ার্ক জানিয়েছে, স্কুলের কর্মীদের কাছে ওই কিশোরী আশঙ্কা প্রকাশ করেছিলেন, বাবার সঙ্গে বাড়ি ফিরতে বাধ্য করা হলে তাঁর বাবা তাঁকে হত্যা করতে পারেন।
সংগীতশিল্পীকে বেত্রাঘাত
এদিকে চলতি সপ্তাহের শুরুতে ইরানের কর্তৃপক্ষ জনপ্রিয় সংগীতশিল্পী পারাস্তু আহমাদি ও তাঁর দলের চার সদস্যকে ৭৪টি করে বেত্রাঘাত করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ইউটিউবে লাখোবার দেখা একটি সংগীত পরিবেশনার জেরে তাঁদের এ শাস্তি দেওয়া হয়।
২৯ বছর বয়সী পারাস্তু আহমাদিকে গত জুনে এ শাস্তি দেওয়া হয়েছিল। তাঁর সঙ্গে দলের আরও চার সদস্যকেও শাস্তির মুখে পড়তে হয়। ২০২৪ সালের ডিসেম্বরে অনলাইনে প্রকাশিত ওই পরিবেশনায় মঞ্চে একাই গান গেয়েছিলেন আহমাদি। মৃদু আলোয় আলোকিত মঞ্চে একটি বড় পারস্য গালিচা ছাড়া অন্য কোনো সাজসজ্জা ছিল না। তাঁর গাওয়া গানগুলো ছিল আবেগপূর্ণ ও বিষাদময়।
হেলিয়া ফাত্তাহি হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক ঘটনাগুলো ইরানে নারীদের নিরাপত্তা, পারিবারিক সহিংসতা এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

