যুবলীগ নেত্রীর সঙ্গে কলরেকর্ড ভাইরাল, প্রত্যাহার হলেন সেই ওসি

যুবলীগ নেত্রীর সঙ্গে কলরেকর্ড ভাইরাল, প্রত্যাহার হলেন সেই ওসি - the Bengali Times
মঙ্গলবার ২৪ নভেম্বর রাতে দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সাবেক সভাপতি তাসকিরা তানিন সনির সঙ্গে ওসি ফয়জুল আজীমের কথোপকথনের দুটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে

সাবেক যুবলীগ নেত্রীর সঙ্গে কথোপকথনের দুটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমানকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কলরেকর্ডের বিষয়টি নজরে আসার পর ওসিকে প্রত্যাহার করা হয়েছে। তবে এ ঘটনায় পরবর্তী তদন্তের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

- Advertisement -

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সাবেক সভাপতি তাসকিরা তানিন সনির সঙ্গে ওসি ফয়জুল আজীমের কথোপকথনের দুটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি অডিওতে ওই নারীকে নিজের বাংলোতে যাওয়ার জন্য বারবার তাগাদা দিতে শোনা যায় ওসিকে। এমনকি কোথা থেকে কীভাবে আসতে হবে, কোথায় গাড়ি পরিবর্তন করতে হবে এবং যাতায়াতের ভাড়া কত হতে পারে, তা-ও বুঝিয়ে দেন তিনি। ওই নারী পৌঁছালে গাড়িভাড়া পরিশোধের আশ্বাসও দেন ওসি।

ছড়িয়ে পড়া দুটি অডিওর একটির দৈর্ঘ্য ৩ মিনিট ৩৬ সেকেন্ড এবং অন্যটির ৬ মিনিট ২০ সেকেন্ড। প্রথম ফোনালাপে ওসিকে ওই নারীকে নিজের বাসায় আসার পথনির্দেশনা দিতে এবং তার অবস্থান সম্পর্কে জানতে শোনা যায়। দ্বিতীয় ফোনালাপে টাকা-পয়সার লেনদেন, মামলা এবং তুহিন ও পারভেজ নামে দুই ব্যক্তিকে নিয়ে তাদের মধ্যে কথা হয়।

দ্বিতীয় কথোপকথনে ওই নারী দাবি করেন, একটি মামলায় জামিনের জন্য তিনি থানায় দুই লাখ টাকা দিয়েছেন। এরপরও তুহিন নামে এক ব্যক্তি তাকে ও তার পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন। পারভেজ নামে আরেক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি বলে জানান তিনি।

এ সময় ওসি ওই নারীর সঙ্গে আবার দেখা করে কথা বলার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি রাজনৈতিক স্বার্থ ও অর্থনৈতিক বিষয় থেকে বেরিয়ে ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখার কথাও বলেন।

কথোপকথনে ওই নারী তার সন্তানদের অসুস্থতা, পরিবারের সদস্যদের হয়রানি এবং বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন।

ওসির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

এর আগে গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তির পরই ওসির সঙ্গে তার কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ে।

অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় সনি অভিযোগ করেন, গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি তার শ্লীলতাহানি করেছেন এবং তাকে আলিঙ্গন করার কথা বলেছেন। এসব ঘটনার বিচারও দাবি করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে ওসি ফয়জুল আজীম নোমান বলেন, অডিওতে কথোপকথন তারই। তবে ওই নারীকে গ্রেপ্তারের ক্ষেত্রে ভিন্ন কৌশল অবলম্বনের অংশ হিসেবে এসব কথা বলা হয়েছিল। পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ওই নারী ষড়যন্ত্র করছেন বলেও দাবি করেন তিনি। টাকা লেনদেনসহ তার বিরুদ্ধে আনা অন্যান্য অভিযোগও অস্বীকার করেন ওসি।

এদিকে ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, কলরেকর্ডগুলো পুলিশের নজরে এসেছে। সেগুলো যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

আগেও প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন আদালত

ওসি ফয়জুল আজীম নোমানকে ঘিরে এর আগেও বিতর্ক তৈরি হয়েছিল। গত আগস্টে মামলা নিতে অস্বীকার করার অভিযোগে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছিলেন আদালত।

ওই আদেশের পর অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছিলেন তৎকালীন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। তবে পরবর্তী সময়ে ওসি নিজ পদেই বহাল ছিলেন।

এবার সাবেক যুবলীগ নেত্রীর সঙ্গে কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ার পর তাকে থানা থেকে প্রত্যাহার করা হলো।

- Advertisement -

Related Articles

Latest Articles