টরন্টোর সর্বোৎকৃষ্ট ক্রোয়াসোঁ বানায় যে রোস্তারাঁ

টরন্টোর সর্বোৎকৃষ্ট ক্রোয়াসোঁ বানায় যে রোস্তারাঁ - the Bengali Times
টরন্টোর সেরা ক্রোয়াসোঁ তৈরির পেছনের কৌশল ব্যাখ্যা করতে গিয়ে হুয়াং বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন তাপমাত্রা নিয়ন্ত্রণের ওপর তাঁর মতে ক্রোয়াসোঁ তৈরির সময় পরিবেশ ঠান্ডা রাখা অত্যন্ত জরুরি

মুচমুচে বাইরের আবরণ আর ভেতরে নরম, বাটারসমৃদ্ধ স্তর একটি নিখুঁত ক্রোয়াসোঁ তৈরির পেছনে রয়েছে সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণের বিশেষ কৌশল। সম্প্রতি টরন্টোর সেরা ক্রোয়াসোঁ তৈরির স্বীকৃতি পাওয়া বেকারির প্রধান শেফ ঝাওফেং হুয়াংয়ের মতে, এই ফরাসি পেস্ট্রির আসল রহস্য লুকিয়ে আছে বেকারির পরিবেশ ও বাটারের তাপমাত্রা ঠিক রাখার মধ্যে।

গত ৪ অক্টোবর টরন্টোতে সেরা ক্রোয়াসোঁ ও সেরা বাগুয়েট নির্বাচনের প্রতিযোগিতার আয়োজন করে ফ্রেঞ্চ মর্নিং মিডিয়া কর্পোরেশন। প্রতিযোগিতায় সেরা ক্রোয়াসোঁর পুরস্কার জিতে নেয় তাঙ্গসান্ট ভিয়েনোয়সেরি। চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া আরও ১১টি বেকারিকে পেছনে ফেলে এই স্বীকৃতি অর্জন করে প্রতিষ্ঠানটি।

- Advertisement -

বেকারিটির প্রধান শেফ ঝাওফেং হুয়াংয়ের কাছে এই জয় ছিল অনেকটাই অপ্রত্যাশিত। কারণ, এর আগে কখনো কোনো প্রতিযোগিতায় অংশ নেননি তিনি। তা ছাড়া টরন্টোতে বেকারিটির যাত্রাও শুরু হয়েছে খুব বেশি দিন আগে নয়। গত বছরের সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করে। বিজয়ী হওয়ার অভিজ্ঞতা জানাতে গিয়ে হুয়াং বলেন, প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে তিনি অনেক নামকরা ও দক্ষ বেকারির পণ্য দেখেছেন। ফলে নিজের জয়ের সম্ভাবনা নিয়ে তাঁর মনে তেমন কোনো প্রত্যাশাই ছিল না।

পেস্ট্রি শেফ হওয়ার পরিকল্পনাও শুরুতে ছিল না হুয়াংয়ের। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করার পর উপযুক্ত চাকরি খুঁজে পেতে বেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাঁকে। গবেষণাগার কিংবা অফিসে বসে কাজ করার পরিবর্তে হাতে-কলমে কিছু করার আগ্রহ থেকেই একটি বেকারিতে খণ্ডকালীন কাজ শুরু করেন তিনি। হুয়াংয়ের ভাষায়, নিজের হাতে কিছু তৈরি করতেই তাঁর ভালো লাগে। সেই আগ্রহ থেকেই ধীরে ধীরে বেকারির কাজের প্রতি ঝোঁক তৈরি হয় তাঁর।

টরন্টোর সর্বোৎকৃষ্ট ক্রোয়াসোঁ বানায় যে রোস্তারাঁ - the Bengali Times

পেশাগত দক্ষতা বাড়াতে প্রথমে তিন বছর উইনিপেগের মিংস বেকারিতে কাজ করেন হুয়াং। পরে আরও প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জনের জন্য চীনে ফিরে যান। এরপর পেস্ট্রি তৈরির ওপর উচ্চশিক্ষা নিতে টরন্টোতে আসেন। ২০২৪ সালে জর্জ ব্রাউন কলেজের পেস্ট্রি আর্টস ম্যানেজমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেন তিনি। এর এক বছর পরই নিজের বেকারি তাঙ্গসান্ট ভিয়েনোয়সেরি প্রতিষ্ঠা করেন।

টরন্টোর সেরা ক্রোয়াসোঁ তৈরির পেছনের কৌশল ব্যাখ্যা করতে গিয়ে হুয়াং বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন তাপমাত্রা নিয়ন্ত্রণের ওপর। তাঁর মতে, ক্রোয়াসোঁ তৈরির সময় পরিবেশ ঠান্ডা রাখা অত্যন্ত জরুরি। এ কারণে বেকারির রান্নাঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখেন তিনি। বেকারিটির খোলা রান্নাঘর থাকায় এই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

বিশেষ করে ক্রোয়াসোঁ তৈরিতে ব্যবহৃত বাটার প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আশপাশে রাখা প্রয়োজন বলে জানান তিনি। তাপমাত্রার সামান্য পরিবর্তনও পেস্ট্রির গঠন ও মানের ওপর প্রভাব ফেলতে পারে। টরন্টোর ইটন সেন্টার থেকে কয়েক ব্লক পূর্বে ১৯৩ চার্চ স্ট্রিটে অবস্থিত তাঙ্গসান্ট ভিয়েনোয়সেরি। অল্প সময়ের মধ্যেই নতুন এই বেকারির এমন স্বীকৃতি স্থানীয় পেস্ট্রি জগতে প্রতিষ্ঠানটির অবস্থানকে আরও দৃঢ় করেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles