
কানাডার গ্রোসারি বাজারে নিজেদের ব্যবসায়িক কৌশলে বড় পরিবর্তন আনছে দেশটির বৃহত্তম সুপারমার্কেট চেইন লবল। বড় আকারের প্রচলিত সুপারমার্কেটের পরিবর্তে ছোট পরিসরের ডিসকাউন্ট স্টোর সম্প্রসারণে জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি। ক্রেতাদের সাশ্রয়ী দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের পাশাপাশি ছোট শহর ও গ্রামীণ এলাকায় ব্যবসা বাড়ানোই এই কৌশলের মূল লক্ষ্য।
লবলের ড্যানিশ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পার ব্যাংক তিন বছর আগে কানাডায় দায়িত্ব নিতে এসে ইউরোপীয় ধাঁচের ছোট ডিসকাউন্ট স্টোরের ধারণা নিয়ে আসেন। তাঁর মতে, কানাডার গ্রোসারি বাজারে এই ধরনের স্টোরের ব্যাপক সম্ভাবনা রয়েছে। অক্টোবরের এক সকালে টরন্টোর একটি ছোট নো ফ্রিলস স্টোরের পেছনের কক্ষে বসে ব্যাংক বলেন, ছোট ডিসকাউন্ট স্টোরের ধারণাটি তিনি কানাডায় নিয়ে আসা গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোর একটি।
প্রায় ৫ হাজার পণ্য নিয়ে পরিচালিত এই স্টোরে বড় সুপারমার্কেটের মতো সব ধরনের সুবিধা নেই। এখানে ডেলি কাউন্টার, সরাসরি পিৎজা তৈরি কিংবা তাজা বেকারির ব্যবস্থাও রাখা হয়নি। সরু তাক, সীমিত জায়গা এবং লবলের নিজস্ব ব্র্যান্ডের পণ্যের আধিক্যই স্টোরটির বৈশিষ্ট্য। তবে নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি কেনাকাটার জন্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত বৈচিত্র্য রয়েছে।
কানাডায় ডিসকাউন্ট গ্রোসারি স্টোর অবশ্য নতুন কোনো ধারণা নয়। তবে লবলের নো ফ্রিলস ও ম্যাক্সির মতো ব্র্যান্ডগুলো এই ব্যবসায়িক মডেলকে আরও বিস্তৃত করেছে। প্রতিষ্ঠানটি এখন বড় সুপারমার্কেটের পাশাপাশি ছোট আকারের স্টোরের সংখ্যাও দ্রুত বাড়াচ্ছে। ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, লবলে যোগ দেওয়ার সময় ২০ হাজার বর্গফুটের কম আয়তনের ৪৩টি স্টোর ছিল। বর্তমানে দেশজুড়ে এই সংখ্যা বেড়ে ৭৫টিরও বেশি হয়েছে।
তিনি জানান, ভবিষ্যতে শহর ও গ্রাম উভয় এলাকাতেই ছোট স্টোর সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে প্রায় চার হাজার মানুষের বসবাস এমন ছোট কমিউনিটিতেও এসব স্টোর চালুর সুযোগ তৈরি হচ্ছে। যেসব এলাকায় বড় পরিসরের প্রচলিত সুপারমার্কেট পরিচালনা করা লাভজনক নয়, সেসব জায়গায় ছোট ডিসকাউন্ট স্টোর কার্যকর ভূমিকা রাখতে পারে।
ব্যাংকের প্রত্যাশা, খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না, যখন লবলের মোট গ্রোসারি ব্যবসার অর্ধেকেরও বেশি আসবে ডিসকাউন্ট স্টোর থেকে। বর্তমানে প্রতিষ্ঠানটির গ্রোসারি ব্যবসার প্রায় ৪০ শতাংশ এই খাত থেকে আসে। তাঁর মতে, ক্রেতারা এখন আগের চেয়ে বেশি দামের তুলনায় পণ্যের মান ও অর্থের যথাযথ মূল্য পাওয়ার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন।
এদিকে লবলের এই ব্যবসায়িক পরিবর্তনের পাশাপাশি প্রতিষ্ঠানটির ভাবমূর্তি পুনরুদ্ধারের বিষয়টিও আলোচনায় রয়েছে। কনজ্যুমার ওয়েলবিয়িং গবেষক মনিকা লবার্জের মতে, পার ব্যাংক দায়িত্ব নেওয়ার সময় প্রতিষ্ঠানটি খুব একটা ভালো অবস্থানে ছিল না। এখন তিনি লবলের সুনাম বাড়ানোর চেষ্টা করছেন।
বিশেষ করে পাউরুটির দাম নিয়ে কারসাজির অভিযোগ এবং কয়েক বছর আগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভোক্তাদের বর্জন আন্দোলনের কারণে যে নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছিল, তা কাটিয়ে ওঠা লবলের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। সব মিলিয়ে ছোট ডিসকাউন্ট স্টোর সম্প্রসারণের মাধ্যমে কানাডার গ্রোসারি বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চাইছে লবল। ক্রেতাদের সাশ্রয়ী কেনাকাটার চাহিদা এবং ছোট কমিউনিটিতে নতুন বাজার তৈরির সুযোগ দুই বিষয়ই প্রতিষ্ঠানটির এই কৌশলের পেছনে কাজ করছে।
সোহেলি আহমেদ সুইটি : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

