
‘শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না’—এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা মিতু।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। একই পোস্টে জুলাই আন্দোলনের সমন্বয়ক ও এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের পরের দুটি ছবিও প্রকাশ করেন তিনি।
নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মাহমুদা মিতু লেখেন, ‘ভাবছিস বিরাট কাজ করছিস? বিরাট কাজ তো আমরা করছি জুলাইয়ে তোদের মতো সন্ত্রাসীদের দেশ থেকে বিতাড়িত করে। আমাদের হাসি আজীবনের।’
পোস্টে তিনি আরও লেখেন, ‘কুকুরের মতো ঘেউঘেউই করতে পারবি। শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না। বরং প্রত্যেকে ডিম থেরাপির জন্য রেডি হ।’
পোস্টের শেষাংশে মাহমুদা মিতু লেখেন, ‘বহু আগে বাড়িঘর জীবনের মায়া ত্যাগ করছি আমরা।’
এর আগে বুধবার (১১ নভেম্বর) রাতে কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাড়িটি পুড়ে যায় বলে পোস্টে উল্লেখ করেন মাহমুদা মিতু। এ ঘটনার জন্য আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের দায়ী করা হলেও কারা হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হয়নি।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে কে বা কারা আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন।
নুসরাত তাবাসসুম জ্যোতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং দলটির নারী শাখা জাতীয় নারী শক্তির প্রধান সংগঠক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০-এর সংসদ সদস্য।
নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মাহমুদা মিতুর ফেসবুক পোস্টে শেখ হাসিনাকে নিয়ে করা মন্তব্যও আলোচনায় এসেছে।

