হাসিনা ইস্যুতে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ : তাজনূভা

হাসিনা ইস্যুতে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ : তাজনূভা - the Bengali Times
তাজনূভা জাবীন

শেখ হাসিনার দেশে ফেরা এবং তাঁকে বিচারের মুখোমুখি করার প্রশ্নে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য রয়েছে বলে মনে করেন অল্টারনেটিভসের সংগঠক তাজনূভা জাবীন। তবে রাজনৈতিক ঐক্যের পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সরকারকে বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর মতে, ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন ও নাশকতার হুমকিতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। জনগণকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া সরকারের দায়িত্ব।

সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন তাজনূভা জাবীন।

- Advertisement -

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি লেখেন, ‘হাসিনা যখন ইন্ডিয়া পালিয়ে যায়, তখন যেমন ওখানে বিজেপি-কংগ্রেস এক টেবিলে বসেছিল, ঠিক তেমনি এখানেও হাসিনার ফেরার বিষয়ে যেকোনো সিরিয়াস ইস্যুতে সরকারসহ সব রাজনৈতিক পক্ষ একসঙ্গে বসবে বলেই আমার বিশ্বাস।’

গণঅভ্যুত্থানের দুই বছর পরও গত ১৭ বছরের শাসনামলের ঘটনাগুলো মানুষ ভুলে যায়নি উল্লেখ করে তাজনূভা বলেন, কোনো রাজনৈতিক দল বা সাধারণ মানুষের পক্ষে এত বড় একটি অধ্যায় ভুলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

তিনি লেখেন, ‘গণঅভ্যুত্থানের মাত্র দুই বছরের মাথায় এমন কোনো রাজনৈতিক প্রেক্ষাপট আসেনি যে কোনো দল এবং সাধারণ মানুষ গত ১৭ বছরের স্বৈরশাসনের সকল অপকর্ম, লুটপাট, খুন, গুম, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড থেকে শুরু করে জুলাইয়ের এত বড় অধ্যায় ভুলে যাবে।’

শেখ হাসিনা ইস্যুতে রাজনৈতিক দলগুলোর অবস্থান তুলে ধরে তিনি আরও লেখেন, ‘হাসিনা প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ বলেই আমি মনে করি। হাসিনা যদি ফিরে, তাকে বিচারের মুখোমুখি হতে হবে, এটা সবার অফিসিয়াল বক্তব্য।’

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন বক্তব্যকে ফাঁকা বুলি উল্লেখ করে তাজনূভা বলেন, ‘সবাই বুঝে তার সেই সৎ সাহস নেই দেশে ফেরার, এগুলো সবই ফাঁকা বুলি এখন পর্যন্ত।’ তবে বিষয়টিকে হালকাভাবে দেখার সুযোগ নেই বলেও মনে করেন তিনি।

দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তাজনূভা বলেন, রাজনৈতিক বক্তব্য ও পাল্টাপাল্টি অবস্থানের বাইরে সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি সরকারকে গুরুত্ব দিতে হবে।

তিনি লেখেন, ‘হাসিনা বিষয় হেসে উড়িয়ে দেওয়া বা স্ট্যান্ডবাজি বলা/বোঝা এক জিনিস আর সাধারণ জনগণকে নিরাপত্তার আস্থায় রাখা আরেক জিনিস। ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন, নাশকতার হুমকি—এসব সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে।’

সাধারণ মানুষের রাজনৈতিক সচেতনতার ভিন্নতার বিষয়টিও তুলে ধরেন তিনি। তাঁর মতে, জুলাইয়ের গণঅভ্যুত্থানে অরাজনৈতিক মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল। তাই রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সবার সমান ধারণা না থাকলেও নিরাপত্তা নিয়ে উদ্বেগকে গুরুত্ব দিতে হবে।

তাজনূভা লেখেন, ‘জনগণকে সেফ ফিল করানো সরকারের দায়িত্ব, বিশেষ করে যেখানে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ নাজুক।’

রাজনৈতিক ঐক্যের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার আস্থা ফিরিয়ে আনতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles