‘সংসদে সব ফাঁস করে দেব’, আমির হামজার হুঁশিয়ারি

‘সংসদে সব ফাঁস করে দেব’, আমির হামজার হুঁশিয়ারি - the Bengali Times
মুফতি আমির হামজা

কুষ্টিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনকে প্রবেশ করতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজা। একই সঙ্গে প্রতিমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, চলমান সংসদে তাঁর বিষয়ে সবকিছু ফাঁস করে দেবেন।

গত ৭ নভেম্বর রাতে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় একটি ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন আমির হামজা। তাঁর বক্তব্যের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

- Advertisement -

ভাইরাল ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, প্রতিমন্ত্রী ইকবাল প্রশাসনকে ব্যবহার করে গত ৭ নভেম্বর শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদরাসার তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়েছেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘আপনার যদি সারা বাংলাদেশে আসার অধিকার থাকে, আমারও অধিকার আছে। আপনাকেও কুষ্টিয়ায় ঢুকতে দেব না। আপনার সবকিছু সংসদে ফাঁস করে দেব।’

তবে আমির হামজার অভিযোগ প্রত্যাখ্যান করেছে মাহফিলের আয়োজক কমিটি। তাদের দাবি, বক্তব্যটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

গত ৮ নভেম্বর সন্ধ্যায় শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ চত্বরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে কমিটির সদস্য হাফেজ মো. সোহেল রানা জানান, অনিবার্য কারণে আয়োজক কমিটির নিজস্ব সিদ্ধান্তে গত ১ নভেম্বর মাহফিলটি সাময়িকভাবে স্থগিত করা হয়। পরদিন ২ নভেম্বর লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আমির হামজার ব্যক্তিগত সহকারীকে (পিএস) জানানো হয়েছিল।

আয়োজক কমিটির দাবি, মাহফিল স্থগিতের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য কিংবা বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিক প্রতিহিংসা থেকে একটি বিশেষ মহলের ইন্ধনে সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই এমন বক্তব্য দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তারা।

এদিকে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানিয়েছেন, মাহফিল স্থগিতের পেছনে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা পাওয়া যায়নি। আয়োজক কমিটি নিজেরাই অনুষ্ঠানটি স্থগিত করেছে বলে জানান তিনি।

আমির হামজার অভিযোগ এবং আয়োজক কমিটির পাল্টা বক্তব্য ঘিরে ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles