
শেখ হাসিনা
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। সোমবার (৯ নভেম্বর) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে তাঁর আইনজীবীরা এ-সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রয়টার্স জানিয়েছে, দূতাবাসে পাঠানো চিঠিটি তারা দেখেছে। ২০২৪ সালের আগস্টে দেশ ছাড়ার পর বাংলাদেশ দূতাবাসে শেখ হাসিনার পক্ষ থেকে এটিই প্রথম কোনো আবেদন।
চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ অবস্থায় বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে তাঁকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়ে চিঠিতে আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের বাধ্যবাধকতার বিষয়টিও তুলে ধরা হয়েছে।
এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান। তাঁর দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সোমবার তাঁর সহযোগীরাও জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার পতনের আগে আওয়ামী লীগ ছিল বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। ক্ষমতাচ্যুতির পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলটির অনেক নেতা-কর্মী কারাবন্দী হয়েছেন। অন্যদিকে অনেকে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন।
প্রায় দুই দশক বিভিন্ন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা শেখ হাসিনার প্রতি এখনো জনগোষ্ঠীর একটি অংশের সমর্থন রয়েছে। তাঁর দেশে ফেরার উদ্যোগ দেশের রাজনৈতিক বিভাজন আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুই বছরের বেশি সময়ের অস্থিরতা কাটিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে তাঁর প্রত্যাবর্তন নতুন রাজনৈতিক ও আইনি পরিস্থিতির জন্ম দিতে পারে।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। দেশ ছাড়ার দুই বছরের বেশি সময় পর নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য তাঁর এই আবেদন দেশে নতুন করে রাজনৈতিক আলোচনা ও আইনি বিতর্কের জন্ম দিয়েছে।

