
ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘীকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে প্রেমের গুঞ্জন। ‘বরবাদ’ সিনেমার নির্মাতা হৃদয়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে—সম্প্রতি এমন আলোচনা ছড়িয়ে পড়ে বিনোদন অঙ্গনে। তবে বিষয়টি নিয়ে সরাসরি কোনো স্বীকারোক্তি না দিয়ে গুঞ্জনকে স্বাভাবিক হিসেবেই দেখছেন এই অভিনেত্রী।
সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়া আলোচনা প্রসঙ্গে কথা বলেন দিঘী। তাঁকে ঘিরে কী ধরনের গুঞ্জন চলছে, কে বা কারা এসব ছড়াচ্ছেন—এসব বিষয়ে খুব একটা খোঁজ রাখেন না বলে জানান তিনি।
দিঘীর ভাষ্য, শোবিজে কাজ করলে ব্যক্তিগত জীবন নিয়ে নানা ধরনের কথা ছড়ানো অস্বাভাবিক কিছু নয়। তবে নিজের মুখে কোনো কিছু নিশ্চিত না করা পর্যন্ত সেসব আলোচনাকে গুঞ্জন হিসেবেই বিবেচনা করা উচিত।
এ প্রসঙ্গে দিঘী বলেন, ‘আমি জানিও না কে ছড়ায়, আমি জানিও না কী গুঞ্জন হয়। আমি এসবের খুব বাইরে। গুঞ্জন হবে, এটা খুব স্বাভাবিক। আমাকে নিয়ে গুঞ্জন হয়েও থাকলে, যতক্ষণ পর্যন্ত আমি নিজের মুখে কিছু বলছি না, ততক্ষণ সেটা গুঞ্জনই।’
শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন দিঘী। সময়ের সঙ্গে অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নায়িকা হিসেবে। কাজের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও ভক্ত ও বিনোদনপ্রেমীদের আগ্রহ রয়েছে। নতুন এই প্রেমের গুঞ্জন নিয়েও তাই তৈরি হয়েছে আলোচনা।
তবে হৃদয়ের সঙ্গে সম্পর্কের বিষয়ে দিঘীর বক্তব্যে কোনো স্পষ্ট স্বীকৃতি বা অস্বীকৃতি নেই। আপাতত বিষয়টিকে গুঞ্জন হিসেবেই দেখছেন অভিনেত্রী।

