
নিজের ৯৭তম জন্মদিনের পার্টিতে হাসিমুখে নাচছিলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক বৃদ্ধ। কিন্তু আনন্দের এই মুহূর্তেই হঠাৎ না-ফেরার দেশে চলে যান তিনি। সম্প্রতি হ্যালোউইন থিমের ওই পার্টিতে জনপ্রিয় ‘স্টেইন অ্যালাইভ’ গানের তালে নাচার পরপরই অপ্রত্যাশিতভাবে তার মৃত্যু হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
মৃত ওই বৃদ্ধের নাম ভিটো। তার প্রতিবেশী ও পেশায় বেকার (কেক প্রস্তুতকারক) ইডেন ম্যালিনফ সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভিটো কালো রঙের শার্ট ও প্যান্ট পরে সত্তরের দশকের জনপ্রিয় গানের তালে হাততালি দিয়ে হাসিমুখে নাচছেন।
প্রতিবেশী ম্যালিনফ জানান, ভিটো সবসময়ই অত্যন্ত প্রাণবন্ত ছিলেন। জীবন উদ্যাপনের ক্ষেত্রে ২৪ বছর বয়সী ম্যালিনফও তার সঙ্গে পাল্লা দিতে পারতেন না।
আসল ঘটনাটির বর্ণনা দিয়ে ম্যালিনফ জানান, ভিটোর দীর্ঘায়ুর রহস্য ছিল ‘কখনোই সস্তা মদ পান না করা’। সে কথা মাথায় রেখেই তিনি ভিটোর জন্য একটি ‘রেড ওয়াইন চকলেট কেক’ বানিয়েছিলেন। জন্মদিনের পার্টিতে অতিথিরা ভিটোকে ঘিরে ‘শুভ জন্মদিন’ গাওয়ার পরপরই হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ম্যালিনফ নিশ্চিত করেন, ভিটো তখন মোটেও নেশাগ্রস্ত ছিলেন না; তার মৃত্যুটি ছিল একেবারেই অপ্রত্যাশিত ও আকস্মিক।
ম্যালিনফ মনে করেন, ভিটো যেভাবে প্রিয়জনদের ভালোবাসার মাঝে বিদায় নিয়েছেন, তা হয়তো তার নিজেরও কাম্য ছিল।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরাও হতবাক হয়েছেন। অনেকেই এমন মৃত্যুকে ‘জীবনের সুন্দর সমাপ্তি’ বলে অভিহিত করেছেন। একজন মন্তব্য করেছেন, জীবনের শেষ সময়টা বন্ধুদের সঙ্গে আনন্দে কাটানো তার জন্য আশীর্বাদস্বরূপ। আরেকজনের মন্তব্য ছিল, আমিও এভাবেই উৎসব আর আনন্দের মধ্য দিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে চাই।

