
বিয়ের পর স্বামীর সঙ্গে চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হন ১৮ বছর বয়সী এক তরুণী। অভিযোগ, স্বামী মোটরসাইকেল পার্ক করতে গেলে অন্য এক যুবকের বাইকে চড়ে সেখান থেকে চলে যান তিনি। ঘটনার ২০ দিন পর তাঁকে উদ্ধার করেছে পুলিশ। তবে স্বামীর দাবি, ওই যুবকের সঙ্গে তাঁর স্ত্রীর প্রেমের সম্পর্ক ছিল। অন্যদিকে, তরুণীর দাবি, তিনি পথ হারিয়ে ফেলেছিলেন এবং সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তির কাছ থেকে লিফট নিয়েছিলেন।
ভারতের মধ্যপ্রদেশের গ্বালিয়র চিড়িয়াখানায় গত ৬ অক্টোবর এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, শিবপুরী জেলার নারওয়ার এলাকার ২১ বছর বয়সী এক তরুণ বিয়ের পর স্ত্রীকে নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে যান।
চিড়িয়াখানায় পৌঁছে স্ত্রীকে প্রবেশপথের কাছে অপেক্ষা করতে বলে মোটরসাইকেল পার্ক করতে যান তিনি। কয়েক মিনিট পর ফিরে এসে স্ত্রীকে আর সেখানে দেখতে পাননি। আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে পরে চিড়িয়াখানার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেন।
ফুটেজে দেখা যায়, এক যুবকের মোটরসাইকেলের পেছনে বসে চিড়িয়াখানা এলাকা ছেড়ে যাচ্ছেন ওই তরুণী। মোটরসাইকেলচালককে আরমান খান হিসেবে শনাক্ত করেন তাঁর স্বামী। তাঁর অভিযোগ, স্ত্রী ও আরমানের মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। পরে এক আত্মীয়কে সঙ্গে নিয়ে পুলিশের কাছে নিখোঁজের অভিযোগ দায়ের করেন তিনি।
এদিকে, নিখোঁজের ২০ দিন পর তরুণীকে খুঁজে পায় পুলিশ। তাঁকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তাঁর বক্তব্যে উঠে এসেছে ভিন্ন তথ্য। তরুণীর দাবি, তিনি পথ হারিয়ে ফেলেছিলেন এবং সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তির কাছ থেকে লিফট নিয়েছিলেন।
গ্বালিয়রের চিফ সুপারিনটেনডেন্ট অব পুলিশ (সিএসপি) রবিন জৈন জানান, তরুণী প্রাপ্তবয়স্ক হওয়ায় নিজের ইচ্ছায় যেকোনো জায়গায় যাওয়ার অধিকার রয়েছে। তবে তাঁকে জোর করে কোথাও নিয়ে যাওয়া হয়ে থাকলে বিষয়টি ভিন্নভাবে বিবেচনা করা হবে।
পুলিশ জানিয়েছে, আদালতে তরুণীর জবানবন্দি রেকর্ড করা হবে। তাঁর বক্তব্য এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

