
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশ ও ব্যবহার যথাযথভাবে নিয়ন্ত্রণ করা না গেলে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তার আশঙ্কা, ভুল মানুষের হাতে অত্যাধুনিক এআই প্রযুক্তি চলে গেলে এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যাতে ১০০ কোটি মানুষের প্রাণহানি ঘটতে পারে।
রোববার মার্কিন সংবাদমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন গেটস। তিনি এআই প্রযুক্তির নিরাপদ বিকাশ নিশ্চিত করতে সরকারি নজরদারি ও নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
গেটস বলেন, এআইয়ের নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা কীভাবে কার্যকর করা হবে, সে বিষয়ে আইনপ্রণেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে আলোচনায় যুক্ত হতে হবে। নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে কিছু নিয়ম বাধ্যতামূলক করাও প্রয়োজন বলে মনে করেন তিনি।
তার মতে, সরকারি নিয়ন্ত্রণের কারণে এআই প্রতিষ্ঠানগুলোর কিছু অতিরিক্ত ব্যয় হতে পারে। তবে এতে প্রযুক্তির অগ্রগতি উল্লেখযোগ্যভাবে থেমে যাবে না।
এআইয়ের অপব্যবহারের ঝুঁকি নিয়েও সতর্ক করেন গেটস। তিনি বলেন, উন্নত এআই প্রযুক্তি যদি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তাহলে তা বিপুল প্রাণহানি ঘটানোর মতো ক্ষমতা রাখে।
এআই নিয়ন্ত্রণে ‘কিল সুইচ’ রাখার ধারণা নিয়েও কথা বলেন তিনি। গেটসের মতে, শুধু একটি বন্ধ করার ব্যবস্থা থাকাই যথেষ্ট নয়। তবে বর্তমান এআই এখনো এমন পর্যায়ে পৌঁছায়নি যে নিজে থেকে কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে বন্ধ করা অসম্ভব করে তুলবে।
এর আগে আগস্টের শেষ দিকেও এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে একটি দীর্ঘ প্রবন্ধে সতর্ক করেছিলেন গেটস। প্রযুক্তি খাতের আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এআইয়ের দ্রুত বিকাশের পাশাপাশি নিরাপত্তাব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন।
সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনে এআই ব্যবহারের প্রসঙ্গও ওঠে। গেটস জানান, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে তিনি এআই ব্যবহার করেন না। পরিবার ও বন্ধুদের সঙ্গে সম্পর্কের জন্য তার এ ধরনের প্রযুক্তির প্রয়োজন হয় না।

