
মাদক উৎপাদন, চোরাচালান ও অবৈধ অস্ত্র রাখার মামলায় মিশরে জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা সারা খলিফাসহ ১১ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আহরামের বরাতে এ তথ্য জানা গেছে।
৩৯ বছর বয়সী সারা খলিফা মিশরের অপরাধ ও নিরাপত্তাবিষয়ক জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘মিশন ইম্পসিবল’-এর উপস্থাপিকা হিসেবে পরিচিত। মামলার শুরু থেকেই নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।
আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, অভিযুক্তরা একটি সংঘবদ্ধ চক্র গড়ে তুলে বিদেশ থেকে কৃত্রিম মাদক তৈরির কাঁচামাল আমদানি করতেন এবং সেগুলো বিক্রি করতেন বলে অভিযোগ ওঠে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মাদক তৈরির দুটি গোপন গবেষণাগার, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এ ছাড়া ৭৫০ কেজির বেশি মাদকদ্রব্য ও মাদক তৈরির কাঁচামাল জব্দের কথাও জানানো হয়েছে।
মামলার শুনানিতে ২০ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন অডিও বার্তা ও ভিডিও ফুটেজসহ ডিজিটাল প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়।
এর আগে গত মাসে আদালত মামলাটির প্রাথমিক রায় ঘোষণা করেছিলেন। তবে মিশরের আইনে মৃত্যুদণ্ড কার্যকরের আগে দেশটির গ্র্যান্ড মুফতির মতামত নেওয়ার বিধান রয়েছে। সেই প্রক্রিয়া শেষে আদালত আনুষ্ঠানিকভাবে ১১ জনের মৃত্যুদণ্ড নিশ্চিত করেন।
একই মামলায় আরও ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাতজনকে খালাস দেওয়া হয়েছে।
তবে রায়ে সন্তুষ্ট নন সারা খলিফার আইনজীবী। তাঁর পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানানো হয়েছে।

