
বিরোধী দলের লংমার্চে বিপুল গাড়িবহর নিয়ে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, একদিকে বলা হচ্ছে দেশে তেল ও গ্যাস নেই, অন্যদিকে দুই-তিন হাজার গাড়ি নিয়ে লংমার্চ করা হচ্ছে। তাহলে এসব গাড়ি কি পানিতে চলে, নাকি তেলে চলে?
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বিরোধী দলকে লংমার্চ না করে সংসদে এসে দাবি-দাওয়া তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, আলোচনা ও বিতর্কের মাধ্যমে সংসদেই বিভিন্ন সমস্যার সমাধান করা সম্ভব। লংমার্চ করে তেল নষ্ট না করে সংসদে এসে কথা বলার পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র ফিরলেও ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করতে হবে।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ, শোভাযাত্রা ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন শামা ওবায়েদ।

