
কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ শেষে লিওনেল মেসি ও আর্জেন্টাইন ক্রীড়া সাংবাদিক সোফি মার্তিনেজের একটি আন্তরিক মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। এবার সেই বিষয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন সোফি। তিনি জানান, এসব ভিত্তিহীন আলোচনা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে তাকে বার্তা পাঠিয়েছেন মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।
সোফির ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন তার এবং পরিবারের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে। তিনি বলেন, “যখন আপনি জনসম্মুখের একজন মানুষ হন, তখন এমন অনেক কিছুর মুখোমুখি হতে হয় যা মোটেও সুখকর নয়। এর প্রভাব পরিবারকেও সহ্য করতে হয়।”
তিনি আরও জানান, “এ বছর বিষয়টি নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। মেসি কীভাবে আমার দিকে তাকিয়েছে, সেটিও বিশ্লেষণ করা হচ্ছে। এসব মন্তব্য আমার জন্য বিরক্তিকর হয়ে উঠেছে। তখন আন্তোনেলা আমাকে বার্তা পাঠিয়ে লিখেছিল, ‘চিন্তা কোরো না। এসব অর্থহীন আলোচনা উপেক্ষা করো।’”
সোফির ধারণা, একজন নারী ক্রীড়া সাংবাদিক হওয়ার কারণেই তাকে নিয়ে এত আলোচনা হচ্ছে। তার মতে, একই ঘটনা কোনো পুরুষ সাংবাদিকের সঙ্গে ঘটলে এতটা বিতর্ক তৈরি হতো না। তিনি বলেন, “আমি খুবই শান্ত স্বভাবের মানুষ। এসব নাটকের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মেসির জীবন এতটাই স্বাভাবিক যে মানুষ জোর করে নানা গল্প তৈরির চেষ্টা করে।”
তিনি আরও বলেন, “আমি যদি কারও দিকে তাকাই, প্রশ্ন ওঠে কেন তাকালাম। যদি কথা বলি, তাহলে বলা হয় কেন কথা বললাম। এমন পরিস্থিতি সত্যিই অস্বস্তিকর।”
সোফি জানান, কাতার বিশ্বকাপের ফাইনালের আগে প্রথমবার মেসির সঙ্গে তার দীর্ঘ কথোপকথন হয়েছিল। সে সময় তিনি মেসিকে বলেছিলেন, বিশ্বকাপ জিততে না পারলেও আর্জেন্টিনার মানুষের কাছে তিনি একজন নায়ক এবং লাখো মানুষের অনুপ্রেরণা। সেই সাক্ষাৎকারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছিল।
তবে মেসি বা আন্তোনেলা—কেউই সোফির সঙ্গে সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনের সত্যতা স্বীকার করেননি। সোফিও স্পষ্ট করে জানিয়েছেন, এসব আলোচনা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ব্যক্তিগতভাবে তাকে ও তার পরিবারকে বিব্রত করছে।

