
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে স্পেনের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে প্রাণবন্ত মেজাজে ধরা দিলেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্যারিয়ারের ষষ্ঠ ও শেষ বিশ্বকাপ খেলতে নামা এই তারকা ফুটবল, ব্যক্তিগত জীবন এবং আর্জেন্টিনাকে ঘিরে একাধিক প্রশ্নের জবাব দেন হাস্যরসের সঙ্গেই।
সংবাদ সম্মেলনে রোনালদো সাম্প্রতিক এক বিমানের সফরের অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি জানান, এক আর্জেন্টাইন বিমানবালার সঙ্গে তার মজার কথোপকথন হয়েছিল। রোনালদোর ভাষ্য, বিমানবালার দৃষ্টিভঙ্গি দেখেই তিনি বুঝতে পেরেছিলেন, তিনি আর্জেন্টিনার সমর্থক।
রসিকতা করে রোনালদো বলেন, “আমি তাকে বলেছিলাম, কেউ যদি দ্রুত চোখ ফিরিয়ে নেয়, তাহলে বুঝতে হবে সে ক্রিশ্চিয়ানোকে পছন্দ করে না।” এরপর হাসতে হাসতেই যোগ করেন, “আমার সঙ্গী তো আর্জেন্টিনারই।” এ সময় তিনি উল্লেখ করেন, তার জীবনসঙ্গী জর্জিনা রদ্রিগেজ আর্জেন্টিনার বুয়েনস আইরেসে জন্মগ্রহণ করেছেন। তাই আর্জেন্টিনার মানুষ ও সংস্কৃতির প্রতি তার আলাদা একটি ভালোবাসা রয়েছে।
৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড আবারও নিশ্চিত করেছেন, ২০২৬ বিশ্বকাপই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তবে এ নিয়ে তার কোনো আক্ষেপ নেই। রোনালদো বলেন, জীবনে তিনি প্রত্যাশার চেয়েও অনেক বেশি অর্জন করেছেন। তাই শেষ বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত উপভোগ করাই এখন তার লক্ষ্য।
বয়সের সঙ্গে নিজের খেলার ধরন বদলানোর কথাও স্বীকার করেন তিনি। রোনালদোর মতে, আগের মতো গতি না থাকলেও গোল করার ক্ষমতা ও অভিজ্ঞতা এখনো তাকে প্রতিপক্ষের জন্য ভয়ংকর করে রেখেছে। চলতি বিশ্বকাপে ইতোমধ্যে তিনটি গোল করা এই তারকা হেসে বলেন, সমালোচকরা যা-ই বলুক, তিনি এখনো খারাপ খেলছেন না।
অন্যদিকে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তেও রোনালদোকে নিয়ে সতর্ক। তার মতে, রোনালদোর মতো বিশ্বমানের ফুটবলার ম্যাচের যেকোনো মুহূর্তে একাই ব্যবধান গড়ে দিতে পারেন।
টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে স্পেনের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। আর শেষ বিশ্বকাপ রাঙাতে রোনালদোও মুখিয়ে আছেন দলকে আরও এক ধাপ এগিয়ে নিতে।

