মেসির স্ত্রীকে কী উপহার দিলেন রোনালদোর হবু স্ত্রী?

মেসির স্ত্রীকে কী উপহার দিলেন রোনালদোর হবু স্ত্রী? - the Bengali Times
চলমান বিশ্বকাপের উত্তেজনার মাঝেই মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও রোনালদোর হবু স্ত্রী জর্জিনা রদ্রিগেজের মধ্যে উপহার বিনিময়ের ঘটনা ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে

ফুটবল মাঠে দুই দশকেরও বেশি সময় ধরে চলছে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর তুমুল প্রতিদ্বন্দ্বিতা। তবে মাঠের সেই লড়াইয়ের বাইরে তাদের পরিবারগুলোর মধ্যে দেখা গেল ভিন্ন এক চিত্র। চলমান বিশ্বকাপের উত্তেজনার মাঝেই মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও রোনালদোর হবু স্ত্রী জর্জিনা রদ্রিগেজের মধ্যে উপহার বিনিময়ের ঘটনা ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো-র প্রতিবেদন অনুযায়ী, জর্জিনা তার নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড ‘মিমোয়া’ থেকে একটি বিশেষ উপহারের বক্স পাঠান আন্তোনেলার কাছে। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে সেই উপহারের ছবি প্রকাশ করে জর্জিনাকে ধন্যবাদ জানান মেসিপত্নী।

- Advertisement -

ছবির ক্যাপশনে আন্তোনেলা লেখেন, “তোমাকে অনেক ধন্যবাদ, জর্জিনা। সবকিছু ভীষণ সুন্দর হয়েছে। আমি তোমার জীবনের সব ধরনের সাফল্য কামনা করি।”

উপহারের বক্সটিতে ছিল একটি গোলাপি রঙের এক্সারসাইজ ম্যাট, একটি কালো স্পোর্টস টপ, একটি কালো অ্যাক্টিভওয়্যার পোশাক, একটি শুভেচ্ছা কার্ড এবং আরও কয়েকটি উপহারসামগ্রী।

বক্সটির সঙ্গে জর্জিনার হাতে লেখা একটি বার্তাও ছিল। সেখানে তিনি লিখেছেন, “এই পণ্যগুলো সেইসব নারীদের জন্য, যারা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করা বন্ধ করে দিয়েছে এবং বুঝতে পেরেছে যে শক্তির মধ্যেও এক ধরনের কোমলতা থাকতে পারে।”

বিশ্বকাপের নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগে এই উপহার বিনিময়ের ঘটনা সামনে আসে। একদিকে স্পেনের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় রোনালদোর পর্তুগাল, অন্যদিকে মিশরের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে মেসির আর্জেন্টিনা।

মাঠে দুই কিংবদন্তির প্রতিদ্বন্দ্বিতা যতই তীব্র হোক না কেন, তাদের পরিবারের সদস্যদের এই আন্তরিকতা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। ফুটবলপ্রেমীদের অনেকেই বলছেন, প্রতিযোগিতার বাইরেও পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের এমন দৃষ্টান্ত খেলাধুলার সৌন্দর্যকেই আরও উজ্জ্বল করে তুলেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles