হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, ইতিহাস গড়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে নরওয়ে

হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, ইতিহাস গড়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে নরওয়ে - the Bengali Times
আর্লিং হালান্ডের দুর্দান্ত জোড়া গোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২ ১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে

আর্লিং হালান্ডের দুর্দান্ত জোড়া গোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। নিউজার্সিতে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে দীর্ঘ সময় ব্রাজিল আক্রমণের পর আক্রমণ চালালেও শেষ হাসি হেসেছে ইউরোপের দলটি।

ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও চতুর্থ মিনিটে প্যাট্রিক বার্গের করা নরওয়ের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। এরপর ১০ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। তবে ব্রুনো গুইমারেসের নেওয়া শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নাইল্যান্ড।

- Advertisement -

প্রথমার্ধে ম্যাথিউস কুনহা, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও গুইমারেস একাধিক সুযোগ তৈরি করলেও নরওয়ের রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় গোলের দেখা পায়নি ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে কোচ কার্লো আনচেলত্তি এন্দ্রিক ও পরে নেইমারকে মাঠে নামিয়ে আক্রমণের ধার বাড়ানোর চেষ্টা করেন। মাঠে নেমেই এন্দ্রিক সহজ একটি সুযোগ নষ্ট করেন, আর রায়ান ও গুইমারেসের প্রচেষ্টাও ব্যর্থ হয় নাইল্যান্ডের দুর্দান্ত সেভে।

অবশেষে ৭৯তম মিনিটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আর্লিং হালান্ড। কর্নার থেকে ভেসে আসা বলে শক্তিশালী হেডে ব্রাজিলের জালে বল জড়িয়ে নরওয়েকে এগিয়ে দেন তিনি। এরপর ৮৯তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত এক শটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানচেস্টার সিটির এই তারকা।

যোগ করা সময়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন নেইমার। তবে সেটি শুধু ব্যবধানই কমাতে পেরেছে। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে নরওয়ে। অন্যদিকে হেক্সা জয়ের স্বপ্ন ভেঙে শেষ ষোলোর বাধাতেই বিদায় নিতে হয় ব্রাজিলকে।

- Advertisement -

Related Articles

Latest Articles