
নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের জোরালো ইঙ্গিত দিয়েছেন নেইমার জুনিয়র। ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি জানান, যে মেটলাইফ স্টেডিয়ামে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু হয়েছিল, সেখানেই যেন শেষ হলো দীর্ঘ যাত্রা।
যদিও নেইমার আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি, ইতালির ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেন, ব্রাজিলিয়ান তারকা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। রোমানোর পোস্টে নেইমারের উদ্ধৃতি হিসেবে লেখা হয়, “আমি চেষ্টা করেছিলাম, আমি সত্যিই চেষ্টা করেছিলাম। এই মেটলাইফ স্টেডিয়ামেই আমার যাত্রা শুরু হয়েছিল, আর আজ এখানেই আমি শেষ করলাম। সবকিছু এখন শেষ।”
২০১০ সালে ব্রাজিলের জার্সিতে অভিষেকের পর চারটি বিশ্বকাপে খেলেছেন নেইমার। বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ না হলেও জাতীয় দলের হয়ে গড়েছেন অসংখ্য কীর্তি। ২০১২ অলিম্পিকে ব্রাজিলকে রৌপ্য পদক এনে দেওয়ার পর ২০১৬ সালে ঘরের মাঠে দেশকে প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলে স্বর্ণপদক জেতাতে নেতৃত্ব দেন তিনি।
৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড ব্রাজিলের হয়ে ১২৯ ম্যাচে ৮০ গোল করে দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ক্যারিয়ার শেষ করার ইঙ্গিত দিলেন।
চলতি বিশ্বকাপে ইনজুরি ও ফিটনেস সমস্যার কারণে শুরুর একাদশে নিয়মিত ছিলেন না নেইমার। মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার সুযোগ পান তিনি। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে খেলার পর শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে যোগ করা সময়ে পেনাল্টি থেকে টুর্নামেন্টে নিজের একমাত্র গোল করেন। তবে সেই গোল ব্রাজিলকে হার থেকে বাঁচাতে পারেনি।
নেইমারের সম্ভাব্য বিদায়ের দিনে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে নরওয়ে। তবে ব্রাজিলিয়ান তারকা আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা না দেওয়া পর্যন্ত বিষয়টি নিশ্চিত বলা যাচ্ছে না।

