মূল্যের দামের অতিরিক্তে টিকিট পুনঃবিক্রি বন্ধ করছে টিকিটমাস্টার

মূল্যের দামের অতিরিক্তে টিকিট পুনঃবিক্রি বন্ধ করছে টিকিটমাস্টার - the Bengali Times
নতুন আইনের অধীনে এখন থেকে কোনো লাইভ ইভেন্টের টিকিট মূল ক্রয়মূল্যের বেশি দামে বিক্রি করা যাবে না এমন সিদ্ধান্ত কার্যকর করতে যাচ্ছে প্রাদেশিক সরকার

কানাডার অন্টারিও প্রদেশে টিকিট পুনর্বিক্রয় (রিসেল) বাজারে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। নতুন আইনের অধীনে এখন থেকে কোনো লাইভ ইভেন্টের টিকিট মূল ক্রয়মূল্যের বেশি দামে বিক্রি করা যাবে না এমন সিদ্ধান্ত কার্যকর করতে যাচ্ছে প্রাদেশিক সরকার। এই পরিবর্তনের প্রেক্ষিতে টিকিটমাস্টার কানাডা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তারা নতুন নিয়ম মেনে তাদের প্ল্যাটফর্মে রিসেল প্রক্রিয়া পুনর্গঠন করছে।

অন্টারিও সরকার ২০১৭ সালের টিকিটস সেলস অ্যাক্ট-এর সংশোধনী পাস করার পর এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। সংশোধিত আইনে বলা হয়েছে, কোনো কনসার্ট, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান বা অন্য কোনো লাইভ ইভেন্টের টিকিট তার আসল দামের চেয়ে বেশি দামে বিক্রি করা যাবে না। এখানে “মূল্য” বলতে শুধু টিকিটের বেস প্রাইস নয়, বরং সব ধরনের সার্ভিস চার্জ, ফি এবং প্রযোজ্য করও অন্তর্ভুক্ত থাকবে।

- Advertisement -

টিকিটমাস্টার কানাডার একজন মুখপাত্র ইমেইল বিবৃতিতে জানিয়েছেন, আইনটি কার্যকর হওয়ার আগেই তারা প্ল্যাটফর্মে তালিকাভুক্ত রিসেল টিকিটগুলো সরিয়ে দিচ্ছে। ইতোমধ্যে বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করা হয়েছে, যাতে তারা নতুন নিয়ম অনুযায়ী আবার টিকিট তালিকাভুক্ত করতে পারেন। তিনি বলেন, “আমরা আমাদের মার্কেটপ্লেসে থাকা সব টিকিট বিক্রেতার সঙ্গে যোগাযোগ করছি এবং তাদের জানাচ্ছি যে নতুন আইনের কারণে তাদের টিকিট আপাতত সরিয়ে দেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে তারা অন্টারিওর নতুন নিয়ম মেনে পুনরায় তালিকাভুক্ত করতে পারবেন।”

এই পদক্ষেপ মূলত ‘স্ক্যালপিং’ বা অতিরিক্ত দামে টিকিট বিক্রির প্রবণতা কমাতে নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল যে জনপ্রিয় কনসার্ট বা খেলাধুলার টিকিট দ্রুত কিনে নিয়ে পরে উচ্চমূল্যে বিক্রি করা হয়, যা সাধারণ ভক্তদের জন্য টিকিট পাওয়া কঠিন করে তোলে। নতুন আইন কার্যকর হলে ভক্তরা ন্যায্য মূল্যে টিকিট পাবেন, কালোবাজারি বা অতিরিক্ত মুনাফা কমবে এবং রিসেল মার্কেট আরও স্বচ্ছ হবে।

বৃহস্পতিবার “রিসেল আপডেট ইন অন্টারিও” শিরোনামে টিকিটমাস্টারের একটি ইমেইল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে স্পষ্টভাবে বলা হয় যে, নতুন আইনের সঙ্গে সামঞ্জস্য রাখতে বিদ্যমান টিকিট তালিকা সরিয়ে দেওয়া হয়েছে।

প্রাদেশিক কর্মকর্তারা এই উদ্যোগকে ভোক্তা সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, এই আইন কার্যকর হলে সাধারণ মানুষ আর অতিরিক্ত দামে টিকিট কিনতে বাধ্য হবে না এবং বাজারে ন্যায্যতা নিশ্চিত হবে।

এই পদক্ষেপ শুধু অন্টারিও নয়, বিশ্বব্যাপী টিকিট বিক্রির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হতে পারে। অনেক দেশেই টিকিট রিসেল বাজার নিয়ন্ত্রণে আনতে অনুরূপ পদক্ষেপের দাবি উঠছে। টিকিটমাস্টারের মতো বড় প্ল্যাটফর্মের এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া ইঙ্গিত দেয় যে ভবিষ্যতে ডিজিটাল টিকিট মার্কেট আরও নিয়ন্ত্রিত ও ভোক্তাবান্ধব হতে পারে। এই নতুন আইন ভক্তদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এলেও, রিসেলারদের জন্য এটি একটি বড় পরিবর্তনের সূচনা।

সোহেলি আহমেদ সুইটি : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

- Advertisement -

Related Articles

Latest Articles