‘এমন এমপি আগে কখনো কেউ দেখেছেন?’—হাসনাতের লাইভ নিয়ে প্রশংসা

‘এমন এমপি আগে কখনো কেউ দেখেছেন?’—হাসনাতের লাইভ নিয়ে প্রশংসা - the Bengali Times
এনসিপি নেতা মাহমুদা মিতু

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ফেসবুক লাইভে এসে নিজের নির্বাচনি এলাকার উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরেছেন। বিষয়টি সামাজিক মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা মাহমুদা মিতু এ নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে প্রশংসা করেন। মঙ্গলবার (১০ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লেখেন, বাংলাদেশে এই প্রথম একজন এমপি জনগণের কাছে এভাবে হিসাব দিচ্ছেন।

- Advertisement -

তিনি আরও বলেন, একজন সংসদ সদস্যের কী দায়িত্ব এবং জনগণকে কী ধরনের সেবা দেওয়া তার কর্তব্য—এসব বিষয় হাসনাত আবদুল্লাহ বোর্ডে লিখে লিখে ব্যাখ্যা করেছেন।

মাহমুদা মিতু তার পোস্টে বলেন, যারা আজকে হাসনাতের লাইভ দেখেননি দেখে নিন। এমন এমপি আগে কখনো কেউ দেখেছেন? এভাবে তরুণ প্রজন্ম এগিয়ে এলে দেশ বদলাবেই, ইনশাআল্লাহ।

একই রাতে ফেসবুক লাইভে হাসনাত আবদুল্লাহ জানান, তিনি গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। এরপর গত তিন সপ্তাহ ধরে মূলত এলাকার চলমান উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক কার্যক্রম এবং সরকারি সেবা সম্পর্কে ধারণা নেওয়ার কাজ করছেন।

তিনি বলেন, দেবিদ্বার উপজেলার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাস্তাঘাটের দুরবস্থা। বর্তমানে সড়ক ও জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) তত্ত্বাবধানে বেশ কিছু সড়ক উন্নয়ন কাজ চলছে।

বর্ষার আগেই এসব কাজের অনেকগুলো শেষ করার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি অন্য ইউনিয়নগুলোর খারাপ রাস্তাগুলোও পর্যায়ক্রমে সংস্কার করা হবে বলে আশ্বাস দেন।

ঈদ উপলক্ষে ভিজিএফ কার্ড বিতরণ নিয়েও তথ্য দেন এই সংসদ সদস্য। তিনি জানান, দেবিদ্বার পৌরসভায় ৩ হাজার ৮১টি এবং উপজেলার ১৫টি ইউনিয়নে মোট ২০ হাজার ৬৩৫টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল দেওয়া হবে।

এছাড়া দেবিদ্বারের সব সরকারি কার্যক্রমের তথ্য ‘জবাবদিহিতা’ নামে একটি ফেসবুক পেজে নিয়মিত প্রকাশ করা হবে বলেও ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। এর মাধ্যমে জনগণের কাছে বরাদ্দ ও প্রকল্পের অগ্রগতির তথ্য তুলে ধরে জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলেন তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles