পেছন ফিরে দেখা

পেছন ফিরে দেখা - the Bengali Times
১৯৯৪ ৯৭ সালে যখন পরিকল্পনা কমিশনে চাকরী করতাম তখন একদিন বাংলাদেশ বেতারের আগারগাও অফিসে ফোন করে খোঁজ নিলাম জহির ভাইদের

মাঝে মাঝে অনেক পুরানো কথা মনে পড়ে।১৯৯১ সালের  ডিসেম্বরে সাভারের পিএটিসিতে ২ মাসের বুনিয়াদী প্রশিক্ষনে এলাম।বিসিএস এর বিভিন্ন ক্যাডার থেকে আমরা এসেছি। ২০০০ নম্বরের পড়াশোনা। বই পুস্তক সবই দেয়া হলো। শরীর চর্চা সহ খেলাধুলা এবং অন্যান্য কার্যক্রমও শুরু হলো।

সাহিত্য গ্রুপ তৈরী হলো। এই গ্রুপে আমিও যোগ দিলাম বিসিএস তথ্য ক্যাডারের কয়েকজন কর্মকর্তার সাথে। একসাথে বসে আমরা কবিতা পাঠ করতাম একটি স্মরণিকা তৈরীর তাগিদ দেয়া হলো পিএটিসি কতৃপক্ষের পক্ষ থেকে। বাংলাদেশ বেতারের কর্মকর্তা জহির ভাই, মোকলেসা আপা সহ অন্যান্যরা মিলে আমরা একটি স্মরণিকা তৈরী করে আমরা আমাদের প্রশিক্ষন স্মরনীয় করে রাখলাম।

- Advertisement -

১৯৯৪-৯৭ সালে যখন পরিকল্পনা কমিশনে চাকরী করতাম তখন একদিন বাংলাদেশ বেতারের আগারগাও অফিসে ফোন করে খোঁজ নিলাম জহির ভাইদের। খোঁজ পেলাম মোখলেসা আপার। আগারগাও এর প্লানিং কমিশনের অফিস থেকে বেরিয়ে একদিন দুপুরে হাঁটতে হাঁটতে চলে গেলাম বেতারের অফিসে। গেট থেকে ভিতরে ফোন দেয়া হলো অনুমতি মিললো প্রবেশের।

মোখলেসা আপা সমাদর করলেন। স্মৃতিচারন করলাম কয়েক বছর আগের বুনিয়াদী প্রশিক্ষনের। এরই মধ্যে আপা আমার হাতে একটি ফরমায়েস ধরিয়ে দিয়ে বললেন

-আপনিতো ডাক্তার, এই বিষয়ের উপর ৫ মিনিটের একটি কথিকা তৈরী করে আগামী সপ্তাহে আনবেন। রেকর্ড করা হবে এবং তা প্রচার হবে সকালে “ মহানগর প্রভাতি” অনুষ্ঠানে” ভিতরে ভিতরে বেশ উত্তেজনা বোধ করলাম কিন্তু এ রকম কাজতো আগে করার অভিজ্ঞতা একটি মাত্র খুলনা রেডিওতে।আপার দেয়া পত্রটি খুলে দেখলাম এইডস্ এর উপর কথিকা।

নব্বই এর দশকে এইডসের আগমন। কোথায় পাবো এতো তথ্য। চিন্তায় পড়ে গেলাম। পরিকল্পনা কমিশনের অফিসে তখন আমাদেরকে নতুন কম্পিউটার দেয়া হয়েছে সাথে ইন্টারনেট।  ইন্টারনেটে ডাউনলোড করে নিলাম এইডস্। ইংরাজীতে এক বিশাল ডকুমেন্ট পাওয়া গেল। এটা পড়ি আর কাটছাট করি জরুরী কথা নিয়ে।এর পরে বাংলা তরজমা। মোটামুটি ৫ মিনিটে পড়ে শেষ করার মতো ড্রাফট তৈরী করলাম। কয়েকবার ট্রায়াল দিয়ে একদিন বিকালে বেতারের অফিসে গেলাম।

ছোট ছোট রেকর্ডিং ষ্টুডিও।  টেপ এর বড় বড় Spool. এ রকম একটি ষ্টুডিওতে বসিয়ে দেয়া হলো। একটু দ্রুত পঠন করে ৫ মিনিটেই শেষ করলাম লেখাটি পড়া।১০০ টাকার একটি চেক নিয়ে অফিস থেকে চলে এলাম। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার প্রস্ত্ততি নেয়ার সময় মহানগর প্রভাতি অনুষ্ঠানটি বেতারে শুনতাম।একদিন শুনি আমারাই কন্ঠে-এইডসের উপর পঠিত সেই তথ্য।

সে দিন সকালে মন্ত্রণালয়ে অফিসের কাজে গিয়েছিলাম।হঠাৎ দেখা পরিচিত এক ছোট ভাই বলে উঠলো- আরে বাবু ভাই সকালে শুনলাম  এইডস্ এর উপর আপনার কথিকাটি পর সপ্তাহে প্রভাতি অনুষ্ঠানে চিঠিপত্র বিভাগে শুনলাম এইডস্ লেখাটির উপর প্রশংসা।

এরপর মোখলেসা আপা একাধিক কথিকার ফরমায়েস দিয়েছেন সেগুলির স্ক্রিপ্ট তৈরী করে পড়ার জন্য। ছোটদের অনুষ্ঠানে আমার ছেলে এবং তার মা কেও নিয়ে গিয়েছি অংশ গ্রহনের জন্য।

প্রায় ৩ দশক পর দূর দেশে বসে সেগুলি মনে করি আর খুঁজি মোখলেসা আপা, জহির ভাইদেরকে। রিটায়ার্ড জানিনা  জীবনে তারা কেমন আছেন ।

 

ইনুভিক, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles