
কানাডায় খেলনা বিক্রির অন্যতম পরিচিত ব্র্যান্ড টয়স ‘আর’ ইউএস কানাডা বর্তমানে গুরুতর আর্থিক ও আইনি সংকটে পড়েছে। দেশটির বিভিন্ন প্রান্তের বাড়ির মালিকদের কাছ থেকে অন্তত সাতটি মামলার মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি। মামলাকারীদের দাবি, ভাড়া বকেয়া ও অন্যান্য ক্ষতিপূরণ মিলিয়ে তারা টয়স ‘আর’ ইউএস কানাডার কাছ থেকে মোট প্রায় ৩ কোটি ১৩ লাখ মার্কিন ডলার আদায় করতে চান।
গত বছর অন্টারিওর একটি আদালতে দাখিল করা নথি অনুযায়ী, ২০২৪ ও ২০২৫ সালে একাধিক স্থাপনার ভাড়া পরিশোধে ব্যর্থ হয় খেলনা বিক্রেতা এই চেইনটি। দীর্ঘদিন ধরে ভাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত আইনি পদক্ষেপ নিতে বাধ্য হন সংশ্লিষ্ট বাড়ির মালিকরা।
মামলাকারী বাড়ির মালিকদের মধ্যে উল্লেখযোগ্য হলো রিওট্রিন প্রোপার্টিজ, যা রিওক্যান রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট এম্পায়ার এবং কোলাওয়ে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টের অংশ। এসব মালিকানাধীন স্থাপনার মধ্যে রয়েছে নিউ ব্রান্সউইকের সেইন্ট জন, অন্টারিওর বেলেভিল এবং ওকভিলের মতো গুরুত্বপূর্ণ শহরের বাণিজ্যিক জায়গা।
আইনি জটিলতা ও আর্থিক চাপে পড়ে টয়স ‘আর’ ইউএস কানাডা ইতোমধ্যে এসব জায়গার বেশ কয়েকটি স্টোর ছেড়ে দিয়েছে। শুধু তাই নয়, গত কয়েক বছরে প্রতিষ্ঠানটি আরও কয়েক ডজন স্টোর বন্ধ করেছে। একসময় যেখানে কানাডাজুড়ে তাদের স্টোর সংখ্যা ছিল ৮১টি, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৪০টিতে।
তবে উল্লেখযোগ্য বিষয় হলো এখন পর্যন্ত এসব অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি। টয়স ‘আর’ ইউএস কানাডার একজন মুখপাত্র জানিয়েছেন, এ বিষয়ে প্রকাশ করার মতো নির্দিষ্ট কোনো তথ্য এই মুহূর্তে তাদের কাছে নেই। একই সঙ্গে কোম্পানি এবং এর প্রধান নির্বাহী কর্মকর্তার পক্ষের আইনজীবীর কাছে মন্তব্য চাওয়া হলেও তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি।
খুচরা ব্যবসা বিশ্লেষকদের মতে, টয়স ‘আর’ ইউএস কানাডার পরিস্থিতি উদ্বেগজনক। ধারাবাহিক স্টোর বন্ধ হওয়াই প্রমাণ করে যে প্রতিষ্ঠানটি গভীর সংকটে রয়েছে।
টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটির রিটেইল লিডারশিপ ইনস্টিটিউটের পরিচালক জেনা জ্যাকবসন বলেন, “সবচেয়ে বড় প্রশ্ন হলো টয়স ‘আর’ ইউএস কানাডা আরও এক বছর টিকে থাকতে পারবে কি না। প্রতিষ্ঠানটি ভবিষ্যতে ফিজিক্যাল স্টোর ধরে রাখবে, নাকি পুরোপুরি অনলাইন মডেলে চলে যাবে, সেটিও অনিশ্চিত। এই মুহূর্তে কোম্পানির ভবিষ্যৎ কী, তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না।” এদিকে দায়ের হওয়া একাধিক মামলার বিষয়ে এখনো আদালতে আনুষ্ঠানিক জবাব দাখিল করেনি প্রতিষ্ঠানটি।
বর্তমানে টয়স ‘আর’ ইউএস কানাডা পরিচালনা করছে অন্টারিওভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান পুটম্যান ইনভেস্টমেন্ট। প্রতিষ্ঠানটি সম্প্রতি এন্টারটেইনমেন্ট রিটেইলার এইচএমভি এবং সানরাইজ রেকর্ডস অধিগ্রহণ করেছে। ২০২১ সালে পুটম্যান ইনভেস্টমেন্ট ফেয়ারফ্যাক্স ফাইন্যান্টিসয়াল হোল্ডিংস-এর কাছ থেকে টয়স ‘আর’ ইউএস কানাডা এবং বেবিজ ‘আর’ ইউএস কানাডা কিনে নেয়।
উল্লেখযোগ্যভাবে, ফেয়ারফ্যাক্স ২০১৮ সালে প্রায় ৩০ কোটি ডলারে টয়স ‘আর’ ইউএস কানাডা অধিগ্রহণ করেছিল। একই সময়ে যুক্তরাষ্ট্রে টয়স ‘আর’ ইউএস-এর মূল প্রতিষ্ঠান আদালতে দেউলিয়াত্ব সুরক্ষার আবেদন করে, যা ব্র্যান্ডটির বৈশ্বিক সংকটের একটি বড় ইঙ্গিত হিসেবে ধরা হয়।
আইনি মামলা, ক্রমাগত স্টোর বন্ধ, ভাড়া বকেয়া এবং অনিশ্চিত ব্যবসায়িক কৌশল সব মিলিয়ে টয়স ‘আর’ ইউএস কানাডার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ক্রমেই জোরালো হচ্ছে। প্রতিষ্ঠানটি কি নতুন কোনো পুনর্গঠন পরিকল্পনা আনবে, নাকি আরও স্টোর বন্ধের পথে হাঁটবে সে উত্তর আপাতত সময়ই দেবে।

