কানাডিয়ানদের প্রতি চীনা ইভি বর্জনের আহ্বান ডগ ফোর্ডের

কানাডিয়ানদের প্রতি চীনা ইভি বর্জনের আহ্বান ডগ ফোর্ডের - the Bengali Times
চীনের সঙ্গে বৈদ্যুতিক গাড়ি ইভি সংক্রান্ত ফেডারেল সরকারের সদ্য স্বাক্ষরিত চুক্তিকে কেন্দ্র করে অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড ও অটোয়ার মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে

চীনের সঙ্গে বৈদ্যুতিক গাড়ি (ইভি) সংক্রান্ত ফেডারেল সরকারের সদ্য স্বাক্ষরিত চুক্তিকে কেন্দ্র করে অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড ও অটোয়ার মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এবার আগের সব বক্তব্য ছাড়িয়ে সরাসরি কানাডীয় ভোক্তাদের উদ্দেশে চীনে তৈরি বৈদ্যুতিক গাড়ি বর্জনের আহ্বান জানিয়েছেন ফোর্ড। তার ভাষায়, এই চুক্তি অন্টারিওর গাড়ি শ্রমিক, স্থানীয় শিল্প এবং প্রদেশের দ্রুত বিকাশমান ইভি উৎপাদন খাতের জন্য বড় ধরনের হুমকি।

কুইন’স পার্কে দেওয়া এক বক্তব্যে প্রিমিয়ার বলেন, ফেডারেল সরকার অত্যন্ত কম শুল্কে প্রায় ৪৯ হাজার চীনা বৈদ্যুতিক গাড়িকে কানাডার বাজারে ঢোকার অনুমতি দিচ্ছে। এতে দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ফোর্ড স্পষ্ট ভাষায় বলেন, “আমি কানাডীয়দের বলছি চীনা বৈদ্যুতিক গাড়ি কিনবেন না। যারা এখানে গাড়ি তৈরি করছে, যারা আমাদের শ্রমিকদের কাজ দিচ্ছে, তাদের পাশে দাঁড়ান।”

- Advertisement -

গত সপ্তাহে চুক্তির ঘোষণা আসার পর থেকেই একাধিকবার সমালোচনা করেছেন ফোর্ড। তবে বুধবারই প্রথম তিনি ভোক্তাদের প্রতি প্রকাশ্যে বর্জনের ডাক দিলেন, যা রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

প্রিমিয়ারের দাবি, এটি “টিম কানাডা” দৃষ্টিভঙ্গির প্রশ্ন। তিনি বলেন, “আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। টয়োটা অন্টারিওতে বছরে পাঁচ লাখ গাড়ি তৈরি করছে। স্টেলান্টিস ও জিএমও একই পথে এগোচ্ছে। যারা আমাদের পাশে আছে, আমাদেরও তাদের পাশে দাঁড়ানো উচিত। আমরা যদি তাদের সমর্থন করি, তাহলে তারা অন্টারিওতেই বিনিয়োগ ধরে রাখবে।”

এই ইস্যুতে ফেডারেল চুক্তির বিরুদ্ধে সবচেয়ে জোরালো কণ্ঠ হিসেবেই উঠে এসেছেন ডগ ফোর্ড। চুক্তির আওতায় চীনে তৈরি বৈদ্যুতিক গাড়ির ওপর শুল্ক ১০০ শতাংশ থেকে কমিয়ে মাত্র ৬ দশমিক ১ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এর বিনিময়ে কানাডার কৃষিপণ্যের ওপর চীনের আরোপিত শুল্ক কমানোর প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে জানিয়েছে ফেডারেল সরকার।

তবে ফোর্ডের যুক্তি ভিন্ন। তার মতে, এই সমঝোতা চীনা গাড়ি নির্মাতাদের জন্য কানাডার দরজা খুলে দিচ্ছে, কিন্তু এর বিপরীতে দেশের অভ্যন্তরীণ গাড়ি উৎপাদন খাতে কোনো বিনিয়োগ, কর্মসংস্থান বা প্রযুক্তি হস্তান্তরের নিশ্চয়তা নেই। তিনি আশঙ্কা প্রকাশ করেন, কম দামে আমদানি হওয়া চীনা ইভি বাজার দখল করে নিলে অন্টারিওর হাজার হাজার অটো শ্রমিক চাকরি হারাতে পারেন।

ফেডারেল সরকার যেখানে এই চুক্তিকে বাণিজ্যিক ভারসাম্য ও রপ্তানি সুবিধা বৃদ্ধির অংশ হিসেবে দেখছে, সেখানে অন্টারিও সরকার এটিকে শিল্প ও শ্রমিক স্বার্থবিরোধী পদক্ষেপ হিসেবে চিহ্নিত করছে। ফলে চীনা বৈদ্যুতিক গাড়ি ইস্যুতে অটোয়া ও কুইন’স পার্কের দ্বন্দ্ব আগামী দিনে আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে।

- Advertisement -

Related Articles

Latest Articles