
টরন্টো ট্রানজিট ব্যবস্থায় (টিটিসি) যাত্রীদের ভোগান্তি কমাতে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন এক প্রস্তাব সামনে এনেছেন টরন্টোর একজন কাউন্সিলর। মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী কাউন্সিলর ব্র্যাড ব্র্যাডফোর্ড বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন, যেসব যাত্রী ১৫ মিনিট বা তার বেশি সময় বিলম্বের শিকার হবেন, তারা যেন ভাড়া ফেরত পান এই নিশ্চয়তা চালু করা উচিত।
ব্র্যাডফোর্ড বলেন, টিটিসির যাত্রীরা সেবার বিনিময়ে নিয়মিত অর্থ পরিশোধ করছেন, কিন্তু বাস্তবে বহু ক্ষেত্রে তারা প্রত্যাশিত সেবা পাচ্ছেন না। তার ভাষায়, “গ্রাহক হিসেবে আপনারা ভাড়া দিচ্ছেন, অথচ প্রায়ই টিটিসি তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছে। এটি মূলত জবাবদিহিতার অনুশীলন। আমরা যাত্রীদের সময়কে সম্মান করতে চাই এবং টিটিসিকে আরও নির্ভরযোগ্য করে তুলতে চাই।”
আগামী সপ্তাহে টরন্টো সিটি কাউন্সিলে উত্থাপিত হতে যাওয়া এই প্রস্তাবে বলা হয়েছে, গো ট্রানজিটের মতো টিটিসির যাত্রীরাও উল্লেখযোগ্য বিলম্বের ক্ষেত্রে ভাড়া ফেরতের সুযোগ পাবেন। ব্র্যাডফোর্ড জানান, বিশ্বের বিভিন্ন শহর যেমন লন্ডন, ওয়াশিংটন ও সিঙ্গাপুরে ইতোমধ্যেই এ ধরনের ব্যবস্থা কার্যকর রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান বাস্তবতায় যাত্রীরা তাদের অর্থের যথাযথ মূল্য পাচ্ছেন না। অনেকেই প্রতিদিনের যাত্রায় ২০ থেকে ৩০ মিনিট অতিরিক্ত সময় যোগ করে বের হন, কারণ কখন কী অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাবে এই আশঙ্কা থেকেই তাদের সময় হাতে নিয়ে চলতে হয়। এর ফলে যাত্রীদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব পড়ছে।
প্রস্তাব অনুযায়ী, সাবওয়ে, বাস ও স্ট্রিটকারসহ টিটিসির পুরো পরিবহন ব্যবস্থায় এই ভাড়া ফেরত নিশ্চয়তা প্রযোজ্য হবে। ব্র্যাডফোর্ডের দাবি, এই কৌশল বাস্তবায়িত হলে টিটিসির ওপর চাপ বাড়বে যাতে তারা সময়ানুবর্তিতা ও সেবার মান উন্নত করে।
তিনি বলেন, “আমার প্রত্যাশা, টিটিসি এ বিষয়ে উদ্যোগী হবে এবং গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা দেবে। এর সুফল হিসেবে যাত্রীরা আবার টিটিসির ওপর আস্থা ফিরে পাবে এবং গণপরিবহন ব্যবহারে আগ্রহী হবে।”
এই প্রস্তাব নিয়ে এখন নজর সিটি কাউন্সিলের সিদ্ধান্তের দিকে। যাত্রী অধিকার ও নগর পরিবহনের মান উন্নয়নের প্রশ্নে এটি কতটা বাস্তবায়নযোগ্য হয়, সেটিই এখন টরন্টোর বাসিন্দাদের জন্য বড় আলোচনার বিষয়।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

