
বৃহস্পতিবার অন্তর্জালে মুক্তি পেয়েছে শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রথম সিরিজ ‘ব্যাডস অব বলিউড’, যা নিয়ে শুরু থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল। নেটফ্লিক্সে মুক্তির পর নানা কারণেই সিরিজটি এখন তুমুল আলোচনায়। ৭ পর্বের এই সিরিজে বলিউডের সব ব্যয়বহুল তারকাকে একসঙ্গে দেখা গেছে।
সিরিজটি ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে, বিশেষ করে এর মেটা রেফারেন্সের জন্য।
যদিও সব অভিনয়শিল্পীরাই তাদের অভিনয়ের জন্য প্রশংসিত হচ্ছেন, নেটিজেনদের কাছ থেকে প্রশংসিত পর্যালোচনা পাচ্ছেন। তবে মূল অভিনেতা লক্ষ্য নন, বরং আনিয়া সিং, যিনি সিরিজে লক্ষ্যের ম্যানেজারের ভূমিকায় অভিনয় করছেন। কে এই আনিয়া সিং?
২০১৬ সালে যশ রাজ ফিল্মস তাকে নতুন মুখ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল। তিন ছবির চুক্তিতে সইও করেছিলেন, ২০১৭ সালে আদার জৈনের বিপরীতে মুক্তি পায় তার প্রথম ছবি ‘কয়েদি ব্যান্ড’। কিন্তু ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
প্রায় এক দশক শিল্পে সক্রিয় থাকলেও তাকে দেখা গেছে ছোটখাটো ভূমিকায়—যেমন ‘খো গয়ে হাম কাহাঁ’ কিংবা সাম্প্রতিক ‘স্ত্রী ২’-এ।
‘দ্য ব্যা***ডস অব বলিউড’-এর সাফল্যের পর আবারও আলোচনায় এসেছেন তিনি। সিরিজে নিজের অভিনয় এবং দর্শক প্রতিক্রিয়া নিয়ে অন্যা বলেন, ‘আমি অভিভূত। সবকিছুই এখন পর্যন্ত দারুণ। খুব ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি। অনেকে আমাকে চুম্বনের দৃশ্যটি নিয়ে প্রশ্ন করেছেন। মোটের ওপর দর্শকেরা বেশ মজা পেয়েছেন, হাসি পেয়েছে তাদের। আমি ভীষণ খুশি।’
দৃশ্যটি মজাচ্ছলে তুলে ধরা হলেও অভিনেত্রী মনে করেন, সংবেদনশীল বিষয় তুলে ধরার জন্য এটাই ভালো উপায়। তার ভাষায়, ‘কমেডি অনেক সময় বার্তা পৌঁছে দেওয়ার সেরা মাধ্যম। সরাসরি বলা যায়, কিন্তু সেটা সেভাবে গ্রহণ হয় কি না, সন্দেহ আছে। হাস্যরসের ভেতর দিয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সহজভাবে বলা যায়। এতে কারও ক্ষতি হয় না, আবার মানুষও ভালোভাবে গ্রহণ করে। এটা আসলে ব্যক্তিগত পছন্দ এবং সেই পছন্দকে সম্মান জানানো জরুরি।’
সাক্ষাৎকারে এই তরুণ অভিনেত্রী স্বীকার করলেন, দৃশ্যটি শুট করার আগে তিনি বেশ নার্ভাস ছিলেন। কয়েকবার পরিচালক আরিয়ান খানকে জিজ্ঞেসও করেছেন, দৃশ্যটি আদৌ দরকারি কি না।
তার সহশিল্পী ছিলেন এক জুনিয়র আর্টিস্ট, যিনি আগে কখনো ক্যামেরার সামনে এমন দৃশ্যে কাজ করেননি। সেই নার্ভাস সহশিল্পীকে সামলাতে গিয়েই নাকি তার ভয়টা কেটে যায়- এমনটাই ধারণা অভিনেত্রীর।

