
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন ঠিকই, কিন্তু শয়তানি ছাড়েননি। ভারতে গিয়ে আবার শয়তানি শুরু করেছেন। ওখানে আওয়ামী লীগকে উসকানি দেন, ছাত্রলীগকে উসকানি দেন—তোমরা গোলমাল করো, মিটিং-মিছিল, মারামারি করো, নেতাদের মারো।’
মঙ্গলবার রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের একটি খালের পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, ‘তারা (আওয়ামী লীগ) এখন মাঠে নেমে বিরোধী দলের নেতাদের ওপর হামলা চালাচ্ছে। নুরকে মারধর করেছে, আমাদের আরেক নেতা লুৎফর ভাইকেও আঘাত করা হয়েছে। সবাইকে সতর্ক থাকতে হবে।
কোনো হামলা হলে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
তিনি আরো বলেন, ‘স্বাধীনতা রক্তের বিনিময়ে এসেছে। ২০২৪ সালে আবারও অনেক নারী-পুরুষ, শিশু-কিশোর রক্ত দিয়েছেন। এই দেশ কোনো দানে পাওয়া নয়, আমাদের রক্তের বিনিময়ে অর্জিত।
তাই প্রয়োজনে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব।’
বিএনপির মধ্যে কোনো বিভেদ নেই দাবি করে ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ বাইরে থেকে গুজব ছড়াচ্ছে। ভারত থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। ঐক্যবদ্ধভাবেই আমরা এগিয়ে যাচ্ছি।

