
দেশীয় চলচ্চিত্রের বহুল চর্চিত অভিনেত্রী মাঝে-মধ্যেই সন্তানদের নিয়ে ঘুরতে বের হন। ঠিক যেন নিজের নামের মতোই ডানা মেলে উড়ে বেড়ান দেশ-বিদেশে বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে। এই তো কিছুদিন আগেই তাকে দেখা গেছে দুবাই ও মালয়েশিয়াতে ঘুরতে। এছাড়া সময়- সুযোগ পেলেই কক্সবাজারের বিভিন্ন দর্শণীয় স্থানে বেড়াতে দেখা যায় তাকে।
একটি আবাসিক হোটেলের প্রমোট করতে বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন চিত্রতারকা পরীমনি। সঙ্গে রয়েছে তার একমাত্র ছেলে পদ্ম ও কয়েকজনের একটি টিম। প্রথমদিন সবাইকে নিয়ে হোটেলের বিভিন্ন স্থানে আনন্দ-উল্লাস করার পর এবার ছেলের সঙ্গে সমুদ্র বিলাসে মেতেছেন এই অভিনেত্রী। মা-ছেলের আননদঘন পরিবেশের কয়েকটি ছবি এবং একটি ভিডিও এরইমধ্যে শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন পরী। সেখানে দেখা যাচ্ছে, খোলা চুল, চোখে চশমা, মুখে প্রশান্তির হাসি- সব মিলিয়ে যেন নতুন উদ্দীপনায় ভরপুর এক পরী।
শেয়ারকৃত সেই ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আমার অভিনেত্রীর এই প্রাণবন্ত রূপ দেখে ভক্ত-অনুরাগীরা যেমন খুশি হয়েছেন, তেমনি মা-ছেলের সেই দুষ্টুমিমাখা মুহূর্তগুলো দেখে আবেগে ভেসেছেন অনেকেই। শুধু অভিনেত্রী নন, একজন মমতাময়ী মা হিসেবেও পরীমনি বরাবরই নেটদুনিয়ায় প্রশংসিত। এবারও তার ব্যতিক্রম হয়নি। একঝলক সুস্থতা, একরাশ ভালোবাসা আর জীবনের প্রতি নতুন করে ধরা দেওয়া উদ্যম সবই যেন ধরা পড়েছে সেই ভিডিওতে।
উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণরত এক যুদ্ধ বিমান দুর্ঘটনা হলে সেখানে অনেক শিক্ষার্থী নিহত ও আহত হয়। যেটা দেখে পরীমনি নিজের ভেতরের সেই তীব্র মানসিক ধাক্কা সামলাতে না পেরে প্যানিক অ্যাটাকের শিকার হন। পরবর্তীতে চিকিৎসার জন্য তাকে রাজধানীর এক হাসপাতালে ভর্তি করা হয়।
সম্প্রতি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। বেশ কিছুদিন হাসপাতালে কাটিয়ে সুস্থ হয়ে সেসব কষ্ট ফেলে এসে আবারও আনন্দের রঙে রাঙিয়েছেন নিজের দিনগুলো। সুস্থ হয়ে তিনি এবার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লেন সমুদ্রের টানে কক্সবাজারে ।

