
বলিউডের জনপ্রিয় থ্রিলার ‘দৃশ্যম’ সিনেমার কাহিনীর মতোই চমকপ্রদ এক হত্যাকাণ্ড ঘটেছে মহারাষ্ট্রের পালঘর জেলায়। অভিযোগ আছে, এক নারী তার প্রেমিকের সহায়তায় স্বামীকে হত্যা করে বাড়ির ভেতরেই টাইলসের নিচে চাপা দিয়ে রাখেন। ৩৫ বছর বয়সী বিজয় চাভানকে ১৫ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি মুম্বই থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের নালাসোপাড়া পূর্বের গাডগাপাড়া এলাকায় ২৮ বছর বয়সী স্ত্রী কোমল চাভানের সঙ্গে বসবাস করতেন।
বিজয়ের ভাইরা এতদিন ধরে তাকে খুঁজছিলেন। সোমবার সকালে তারা তার বাড়িতে যান। সেখানে গিয়ে দেখতে পান, মেঝের কিছু টাইলসের রঙ বাকি অংশের সঙ্গে মিলছে না। সন্দেহ হওয়ায় তারা ওই টাইলস তুলে ফেলেন। সেখান থেকে বেরিয়ে আসে একটি অন্তর্বাস এবং ভেসে আসে দুর্গন্ধ। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়া হয়।
পুলিশ গিয়ে মাটির নিচে চাপা দেয়া বিজয়ের লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, বিজয় চাভানকে হত্যা করেছেন তার স্ত্রী কোমল। প্রতিবেশী মনু’র সঙ্গে তার প্রেমের সম্পর্ক আছে বলে অভিযোগ রয়েছে। দুই দিন ধরে কোমল ও মনু নিখোঁজ। এ দু’জনই বর্তমানে মামলার প্রধান সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে।

