
চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলার উপাদী এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খোঁজ নিয়ে জানা গেছে, টিকটকে পরিচয় হয় বরিশালের জামাল হোসেনের সঙ্গে মতলব দক্ষিণের রূপালী বেগমের। তারপর তাদের বিয়ে। সেই বিয়ের এক বছরের মাথায় স্বামী জামাল হোসেনের হাতে প্রাণ হারালেন গৃহবধূ রূপালী বেগম।
শুক্রবার (১১ জুলাই) রাত ১২টায় উপজেলার উপাদী এলাকার একটি সেপটিক ট্যাংকি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার শিকার রূপালী বেগমের ৫ সন্তান রয়েছে। জামাল হোসেন তার দ্বিতীয় স্বামী। তার এই স্বামীর বাড়ি বরিশালে।
নিহতের বড় ভাই আলিম উদ্দিন জানান, তার বোনের সঙ্গে টিকটকে পরিচয় হয় জামাল হোসেনের। গত এক বছর আগে তাদের বিয়ে হয়। গত মাস খানেক আগে জামাল হোসেন (৫০) তার স্ত্রী রূপালী বেগমের (৪০) স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গাঢাকা দেয়। এই ঘটনায় রূপালী বেগম থানায় মামলা করেন।
পরে পুলিশ নারায়ণগঞ্জ থেকে জামাল হোসেনকে গ্রেপ্তার করে।
তিনি আরো জানান, কয়েক দিন আগে জামাল-রূপালী বিরোধ মিমাংসা হয়। কিন্তু গতকাল শুক্রবার সকালে তাদের দুজনের মধ্যে আবার ঝগড়া হয়। এরপরই নিখোঁজ হন তার বোন।
নিহতের মা মরিয়ম বেগম জানান, দিনভর মেয়েকে খুঁজে না পেয়ে বসতঘরের পাশে সেপটিক ট্যাংকের মুখ খোলা দেখেন।
একপর্যায়ে সেখানে মেয়ের মরদেহ খুঁজে পান তিনি।
এদিকে, ঘটনাটি পুলিশকে জানানো হলে রাতে ঘটনাস্থলে পৌঁছে মতলব দক্ষিণ থানা পুলিশ সেপটিক ট্যাংক থেকে রূপালী বেগমের মরদেহ উদ্ধার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালেহ আহমেদ জানান, মৃতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার ধারণা নির্যাতন চালানোর পর মৃত্যু হলে মরদেহ গুম করতে সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়। এই ঘটনার ঘাতক স্বামী জামাল হোসেনকে আটকের চেষ্টা করা হচ্ছে বলেও জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

