চার বছর ধরে মেয়েশিশুকে যৌন নির্যাতন, ২৫ বছর পর নারীর কারাদণ্ড

চার বছর ধরে মেয়েশিশুকে যৌন নির্যাতন, ২৫ বছর পর নারীর কারাদণ্ড - the Bengali Times
জেমা বেকার 

যুক্তরাজ্যের লেস্টারশায়ারে ছয় বছর বয়সী এক শিশুকে টানা চার বছর যৌন নির্যাতনের ঘটনায় জেমা বেকার (৪২) নামে এক নারীকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঘটনার প্রায় ২৫ বছর পর বিচারের মুখোমুখি হয়ে সাজা পেলেন তিনি।

বিবিসির এক প্রতিবেদনে লেস্টারশায়ার পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে, ১৯৯৯ সালে শিশুটির বয়স যখন মাত্র ছয় বছর, তখন থেকেই নির্যাতন শুরু করেন বেকার। ২০০৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে এ নির্যাতন চলতে থাকে। নির্যাতনের শিকার ওই ব্যক্তি ২০২১ সালে প্রাপ্তবয়স্ক হওয়ার পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

- Advertisement -

অভিযোগে ভুক্তভোগী জানান, যখন তিনি ও বেকার একান্তে থাকার সুযোগ পেতেন, তখনই তাকে যৌন নির্যাতনের শিকার হতে হতো। দীর্ঘদিন ধরে এই ঘটনা গোপন রাখার পর অবশেষে আইনের আশ্রয় নেন তিনি।

এদিকে নিজের বিরুদ্ধে আনা শিশুর প্রতি অশালীন আচরণের ১০টি অভিযোগ অস্বীকার করেছিলেন জেমা বেকার। তবে বিচারিক প্রক্রিয়া শেষে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। পরদিন শুক্রবার (৩০ অক্টোবর) লেস্টার ক্রাউন কোর্টে তার সাজা ঘোষণা করা হয়। আদালত তাকে ছয় বছরের কারাদণ্ড দেন।

কারাদণ্ডের পাশাপাশি বেকারকে আজীবনের জন্য যৌন অপরাধীদের নিবন্ধনে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগীর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করার নিষেধাজ্ঞাও জারি করেছেন আদালত।

লেস্টারশায়ার পুলিশের গোয়েন্দা কর্মকর্তা অ্যাশ ম্যাকফিলিপস বলেন, দীর্ঘ ২৫ বছরের বেশি সময় পর অপরাধীকে কারাগারে পাঠানোয় ভুক্তভোগী স্বস্তি পেয়েছেন। নিজের সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনের কথা আদালতে তুলে ধরতে তার সাহসিকতা বিচার নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, নির্যাতনের শিকার হয়েও অনেকেই দীর্ঘদিন ভয়ে বা নানা কারণে মুখ খুলতে পারেন না। তাই অন্য ভুক্তভোগীদেরও নীরবতা ভেঙে পুলিশের কাছে অভিযোগ জানানো এবং ন্যায়বিচার চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

 

- Advertisement -

Related Articles

Latest Articles