
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা একেএম তাহসিফ সাউরি হত্যা মামলায় তার কথিত বান্ধবী জেরিকা তাসনিম দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য রোববার (১ নভেম্বর) ঢাকার একটি আদালত এ আদেশ দেন।
এর আগে শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর কাফরুল এলাকার নিজ বাসা থেকে দিশাকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ড আবেদনে বলা হয়, তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, গত ২৭ অক্টোবর রাতে তাহসিফের সঙ্গে উত্তরার ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ গিয়েছিলেন ১৯ বছর বয়সী দিশা। ঘটনার আগে তারা একাধিকবার ‘সিপি ফাইভ স্টার স্ন্যাকস’ নামের একটি প্রতিষ্ঠানেও যান। এ ছাড়া মামলার অপর রিমান্ডে থাকা আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের সঙ্গে একটি মোটরসাইকেল গ্যারেজেও দিশাকে দেখা গেছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তাহসিফের মুঠোফোনের কললিস্ট পর্যালোচনা করেও ঘটনার আগে দিশার সঙ্গে একাধিকবার যোগাযোগের তথ্য পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতার তথ্যপ্রমাণ পাওয়ার কথাও রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে।
হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন, অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, হত্যাকাণ্ডের স্থান নির্ধারণ এবং আলামত উদ্ধারের জন্য দিশাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। পাশাপাশি দীপের দেওয়া তথ্যের সঙ্গে দিশার বক্তব্য মিলিয়ে দেখার কথাও আবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে শনিবার তাহসিফের বন্ধুস্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপকেও চার দিনের রিমান্ডে পাঠান আদালত।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে শুক্রবার রাতে উত্তরখান থানায় হত্যা মামলা করেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম।

