মামলা করে দেন, নিজেই আত্মসমর্পণ করে জেলে যাব, নাহিদকে ইশরাক

মামলা করে দেন, নিজেই আত্মসমর্পণ করে জেলে যাব, নাহিদকে ইশরাক - the Bengali Times
মাদকবিরোধী অভিযানের প্রসঙ্গে নিজের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

মাদকবিরোধী অভিযানের প্রসঙ্গে নিজের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে উদ্দেশ করে তিনি বলেছেন, মামলা হলে নিজেই আত্মসমর্পণ করে কারাগারে যাবেন।

সোমবার দিবাগত রাত ১২টা ৪৬ মিনিটে নিজের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ইশরাক।

- Advertisement -

পোস্টে নাহিদ ইসলামের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, তাঁর বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে নাহিদ মাদকের বিস্তার ও তা প্রতিরোধের চেয়ে তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধ খুঁজে বের করার ওপর বেশি গুরুত্ব দিয়েছেন।

ইশরাক লেখেন, ‘আগে মাদকের ইস্যুটা অ্যাড্রেস করলে ভালো হতো না? তারপরে আমারে ফাঁসিতে ঝুলাইতি।’

তরুণ প্রজন্মের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্টরা ব্যর্থ হচ্ছেন। তাঁর দাবি, মাদকবিরোধী অভিযানের পরিবর্তে তাঁর বিরুদ্ধে অপরাধের অভিযোগ খোঁজার বিষয়টিই বেশি গুরুত্ব পাচ্ছে।

পোস্টে ইশরাক আরও জানান, এক ব্যক্তি তাঁকে ফোন করে মাদকের বিরুদ্ধে অভিযানে সঙ্গে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ওই ব্যক্তি মাদককে সমাজের জন্য ধ্বংসাত্মক বলে উল্লেখ করেছেন বলেও দাবি করেন তিনি।

নিজের বিরুদ্ধে মামলা করার চ্যালেঞ্জ জানিয়ে ইশরাক লেখেন, ‘নাহিদকে বলব, কোনো ফাঁকফোকর দিয়ে ফৌজদারি অপরাধ বের করে একটা মামলা করে দেন আমার নামে। আমি নিজে গিয়ে সারেন্ডার করে জেলে চলে যাব। আইনের শাসন প্রতিষ্ঠা বলে কথা!’

তিনি আরও অভিযোগ করেন, এ ধরনের রাজনীতি দিয়ে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয়। মাদক নির্মূলে প্রচলিত পদ্ধতির বাইরে অন্যভাবে প্রতিকারের প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষাংশে মাদক ব্যবসায়ীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে ইশরাক লেখেন, ‘অন্য স্টাইলে প্রতিকার করতে হবে। যেমন কুকুর, তেমন মুগুর। শীঘ্রই আসিতেছে। বড় ডিলার/বিক্রেতারা অপেক্ষা কর।’

ইশরাকের এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে তাঁর অভিযোগ ও মন্তব্যের বিষয়ে নাহিদ ইসলামের কোনো বক্তব্য এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

- Advertisement -

Related Articles

Latest Articles