
নিয়োগ পাওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ হারিয়েছেন কেটি জাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র হিসেবে দায়িত্ব নেওয়ার এক সপ্তাহও পূর্ণ হয়নি তাঁর। চাকরি হারানোর পরও ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জাকারিয়া ট্রাম্পকে দয়ালু, চমৎকার, সৌজন্যশীল, বিবেচক, উদ্যমী ও কঠোর পরিশ্রমী ব্যক্তি হিসেবে বর্ণনা করেন। একই সঙ্গে আরও বেশি মার্কিন নাগরিকের তাঁর প্রতি যথাযথ মূল্যায়ন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
জাকারিয়া লেখেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে আমেরিকাকে মহান করেছেন এবং এখনো করে চলেছেন, অন্য কেউ তা কখনো পারবে না।’ ট্রাম্পের সঙ্গে কাজ করার সুযোগকে সম্মানের বিষয় বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে গত সপ্তাহে ক্যারোলিন লেভিটের স্থলাভিষিক্ত হয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব নেন জাকারিয়া। তবে দায়িত্ব গ্রহণের পাঁচ দিনের মাথায়ই তাঁর চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় এবং শেষ পর্যন্ত তিনি পদ ছাড়েন।
শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, জাকারিয়াকে চাকরির বিষয়টি পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছিলেন তিনি। তাঁর দাবি, সংবাদমাধ্যম জাকারিয়ার সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেছে।
এর আগে হোয়াইট হাউসের এক কর্মকর্তা তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুকে জাকারিয়ার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেন।
মঙ্গলবার হোয়াইট হাউসে জাকারিয়ার প্রথম সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রায় ১৫ মিনিট স্থায়ী ওই ব্রিফিংয়ে তিনি মাত্র তিনটি সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দেন। এরপরই সংক্ষিপ্ত করা হয় সংবাদ সম্মেলনটি।
দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই পদ হারানো এবং বিদায়ের পরও ট্রাম্পের প্রতি প্রকাশ্য সমর্থন জানানো—দুই কারণে আলোচনায় এসেছেন কেটি জাকারিয়া।

