টরন্টোর এক ভবন মালিকের বিরুদ্ধে ১৮ মিলিয়ন ডলারের মামলা

টরন্টোর এক ভবন মালিকের বিরুদ্ধে ১৮ মিলিয়ন ডলারের মামলা - the Bengali Times
মামলার নথি অনুযায়ী গত ১০ মে ডন মিলস রোড ও গ্রেডন হল ড্রাইভের কাছে ৫০ গ্রেডন হল ড্রাইভের ওই অ্যাপার্টমেন্টের শয়নকক্ষে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিল শিশুটি

কানাডার নর্থ ইয়র্কে একটি অ্যাপার্টমেন্ট ভবনের ১৯তলা থেকে পড়ে দুই বছর পূর্ণ হওয়ার আগেই এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ওই ঘটনায় ভবনটির মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে ১ কোটি ৮০ লাখ কানাডিয়ান ডলারের ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন শিশুটির দাদা-দাদি। অন্টারিও সুপিরিয়র কোর্ট অব জাস্টিসে দায়ের করা মামলায় ঘটনার জন্য অ্যাপার্টমেন্টের জানালার নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তোলা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, গত ১০ মে ডন মিলস রোড ও গ্রেডন হল ড্রাইভের কাছে ৫০ গ্রেডন হল ড্রাইভের ওই অ্যাপার্টমেন্টের শয়নকক্ষে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিল শিশুটি। দিনটি ছিল মা দিবস। খেলতে খেলতে সে ঘরের জানালাটি হালকাভাবে স্পর্শ করে। এরপর আচমকাই জানালার কাচ ভেঙে যায় এবং শিশুটি ১৯তলা থেকে নিচে পড়ে যায়।

- Advertisement -

ঘটনাটি শিশুটির বাবা-মায়ের চোখের সামনেই ঘটে। তাঁদের আইনজীবী দীপালি কশ্যপ ও রক্ষিত চৌহানের বক্তব্য অনুযায়ী, বাবা-মা তখন শিশুটির কাছেই ছিলেন। কিন্তু সবকিছু এত দ্রুত ঘটে যে, শিশুটি পড়ে যাওয়ার আগে তাঁরা তাকে ধরে ফেলতে বা দুর্ঘটনা ঠেকাতে পারেননি। নিচে পড়ে যাওয়ার পর ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। মামলার নথিতে বলা হয়েছে, তার দ্বিতীয় জন্মদিনের আর মাত্র ১১ দিন বাকি ছিল।

মামলাটি করেছেন শিশুটির গ্র্যান্ডপ্যারেন্টরা। তাঁদের দাবি, নাতনির এমন আকস্মিক ও ভয়াবহ মৃত্যু তাঁদের ওপর গভীর মানসিক আঘাত তৈরি করেছে। এই শোক ও মানসিক যন্ত্রণা তাঁদের কাছে স্বাভাবিক দুঃখের সীমাকেও ছাড়িয়ে গেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মামলায় ভবনটির মালিক এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে। ৫০ গ্রেডন হল ড্রাইভের ওই ভবনে জানালার নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়েছিল কি না, তা নিয়েই মূলত প্রশ্ন উঠেছে।

শিশুটির পরিবারের পক্ষ থেকে মোট ১ কোটি ৮০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

ঘটনাটি নিয়ে ভবনটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মন্তব্য জানতে যোগাযোগ করেছিল সিটিভি নিউজ টরন্টো। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মামলাটি এখন আদালতের বিচারাধীন। ফলে অভিযোগে উত্থাপিত বিষয়গুলো আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত সেগুলোকে অভিযোগ হিসেবেই দেখা হচ্ছে।

- Advertisement -

Related Articles

Latest Articles