বিশ্বের সবচেয়ে ধনী নারী ক্রিকেটার এলিস পেরি, সম্পদের পরিমাণ ১২০ কোটি টাকা

বিশ্বের সবচেয়ে ধনী নারী ক্রিকেটার এলিস পেরি, সম্পদের পরিমাণ ১২০ কোটি টাকা - the Bengali Times
অস্ট্রেলিয়ার কিংবদন্তি অলরাউন্ডার এলিস পেরি

বিশ্বজুড়ে নারী ক্রিকেটের জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এই খেলার সঙ্গে যুক্ত ক্রিকেটারদের আর্থিক সামর্থ্যও। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ, বিজ্ঞাপন, ধারাভাষ্য ও গণমাধ্যমে কাজের মাধ্যমে নারী ক্রিকেটারদের অনেকেই এখন বড় অঙ্কের অর্থ উপার্জন করছেন।

২০২৬ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে ধনী নারী ক্রিকেটারের তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অলরাউন্ডার এলিস পেরি। তার আনুমানিক মোট সম্পদের পরিমাণ প্রায় ১২০ কোটি টাকা, যা প্রায় ১ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের সমান।

- Advertisement -

ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি, নারী বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে খেলা এবং বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে বাণিজ্যিক চুক্তি তার বিপুল সম্পদের অন্যতম উৎস। অ্যাডিডাস ও কমনওয়েলথ ব্যাংকের মতো প্রতিষ্ঠানের সঙ্গেও তার বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মেগ ল্যানিং। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ, সম্প্রচারমাধ্যম ও দলের পরামর্শক হিসেবে কাজ করছেন তিনি। এসব কর্মকাণ্ড থেকে তার আনুমানিক সম্পদের পরিমাণ প্রায় ৭৫ কোটি টাকা বা ৮৮ লাখ মার্কিন ডলার।

বিশ্বের ধনী নারী ক্রিকেটারদের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মিতালি রাজ। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও মাঠের বাইরের কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন তিনি। নিজের জীবনীভিত্তিক চলচ্চিত্রের স্বত্ব, বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন, ধারাভাষ্য এবং গণমাধ্যমে উপস্থিতির মাধ্যমে আয় করছেন মিতালি। তার আনুমানিক সম্পদের পরিমাণ প্রায় ৪৩ কোটি টাকা বা ৫০ লাখ মার্কিন ডলার।

তালিকার চতুর্থ অবস্থানে রয়েছেন ভারতের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার স্মৃতি মান্ধানা। তার আনুমানিক সম্পদের পরিমাণ প্রায় ৩৫ কোটি টাকা বা ৪০ লাখ মার্কিন ডলার। নারী প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে বড় অঙ্কের চুক্তি, ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি এবং বিভিন্ন বিজ্ঞাপন থেকে আয় করেন তিনি।

শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। তার আনুমানিক মোট সম্পদের পরিমাণ প্রায় ২৬ কোটি টাকা বা ৩০ লাখ মার্কিন ডলার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্ব এবং বিভিন্ন বাণিজ্যিক কর্মকাণ্ড তার আয়ের অন্যতম উৎস।

নারী ক্রিকেটের বিস্তারের সঙ্গে সঙ্গে খেলোয়াড়দের আয় ও সম্পদের পরিমাণও যে দ্রুত বাড়ছে, এই তালিকা তারই একটি চিত্র তুলে ধরে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বিজ্ঞাপন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও গণমাধ্যমে উপস্থিতি এখন নারী ক্রিকেটারদের আর্থিক সাফল্যের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles