
ভারতের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান ‘ককরোচ আন্দোলনে’ অংশ নিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন আসামের রাজস্বমন্ত্রী কেশব মহন্তের মেয়ে দিবিসা মহন্ত। গুয়াহাটিতে অনুষ্ঠিত বিক্ষোভে তার অংশগ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গুয়াহাটির চাচল এলাকায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভে শিক্ষার্থী, তরুণ-তরুণী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সেখানে দিবিসা মহন্তকে হাতে প্ল্যাকার্ড নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে স্লোগান দিতে দেখা যায়। অভিযোগ রয়েছে, কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয়েছে।
ঘটনাটি বিশেষ গুরুত্ব পেয়েছে, কারণ দিবিসার বাবা কেশব মহন্ত বিজেপি নেতৃত্বাধীন আসাম সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং জোটসঙ্গী আসাম গণ পরিষদের (এজিপি) শীর্ষ নেতা। ফলে ক্ষমতাসীন জোটের একজন মন্ত্রীর পরিবারের সদস্যের এমন কর্মসূচিতে অংশ নেওয়া নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, শিক্ষার্থীদের গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে এবং সরকার সেই অধিকারকে সম্মান করে। একই সঙ্গে তিনি চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলার প্রতিও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
অন্যদিকে, দিবিসার পরিবারের দাবি, তিনি একজন নাবালিকা ছাত্রী। টিউশন শেষে বন্ধুদের সঙ্গে ঘটনাস্থলে গিয়েছিলেন। বিষয়টিকে রাজনৈতিকভাবে না দেখার অনুরোধ জানিয়ে পরিবার জানিয়েছে, তাকে রাজনৈতিক বিতর্কে জড়ানো উচিত নয়।

