
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান দীর্ঘদিন পর ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন। সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে অভিনেত্রী পূর্ণিমার সঙ্গে আলাপচারিতায় তিনি জানান, অভিনয় জীবনের শুরুর দিকে মিডিয়ার বাইরের এক তরুণীকেই বিয়ে করার ইচ্ছা ছিল তার।
পূর্ণিমা অনুষ্ঠানে উল্লেখ করেন, গুলশানের এক সাধারণ তরুণীর সঙ্গে একসময় গভীর সম্পর্কে ছিলেন শাকিব এবং তাকেই বিয়ে করার পরিকল্পনা করেছিলেন। এর জবাবে শাকিব বলেন, “আমি মনে মনে সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। আমাকে মেয়েটি খুব ভালোবাসত। আমি সত্যি সত্যিই তার সঙ্গেই সংসার করতে চেয়েছিলাম।”
অতীতের সেই সম্পর্কের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগঘন মন্তব্যও করেন তিনি। শাকিব বলেন, “মাঝেমধ্যে একা একা বসে ভাবি, আমি চাইলাম কাকে, ভালোবাসলাম কাকে, আর কোথায় গেলাম। সে অনেক ভালো কিছু প্রাপ্য। আমি চাই, সে অনেক ভালো থাকুক।”
তবে ওই তরুণীর পরিচয় প্রকাশ করেননি এই অভিনেতা। তার বক্তব্যে বোঝা যায়, সম্পর্কটি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল।
শাকিব খানের এই স্বীকারোক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত থাকা এই তারকার মুখে পুরোনো প্রেমের গল্প শুনে ভক্তদের মধ্যেও নতুন কৌতূহল তৈরি হয়েছে।

